তারেক রহমানকে নিয়ে বিতর্কিত বক্তব্য, ফারুককে শোকজ বিএনপির

বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও এমপি জয়নুল আবদিন ফারুকের একটি বক্তব্যকে কেন্দ্র করে তাকে সতর্ক করেছে বিএনপি।
দলের কেন্দ্রীয় দপ্তর সূত্র বুধবার (১১ মার্চ) এ তথ্য নিশ্চিত করেছে।
দলীয় সূত্র জানায়, গত সোমবার (৯ মার্চ) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্য মাগফিরাত কামনা এবং আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জয়নুল আবদিন ফারুক। সেখানে এক বক্তব্যে তিনি বলেছিলেন, ‘কে এমপি বা মন্ত্রী হবেন সেটি বড় কথা নয়। বড় কথা হচ্ছে, আমার নেতা শহীদ জিয়া ও নেত্রী খালেদা জিয়া এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে। নির্বাচনের আগে আমাদের দেওয়া প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন করতে হবে। এটি করতে পারলে শুধু ২০৩১ সাল নয়, ২০৩৭ এবং ২০৪২ সালেও তারেক রহমান প্রধানমন্ত্রী থাকবেন ইনশাআল্লাহ।’ এমন বক্তব্যের পরই জয়নুল আবদিন ফারুককে সতর্ক করল বিএনপি।
এ বিষয়ে জয়নুল আবদিন ফারুকের প্রতিক্রিয়া জানতে চাইলে এশিয়া পোস্টকে তিনি বলেন, ‘গত সোমবারের একটি প্রোগ্রামে আমার দেওয়া বক্তব্যের খণ্ডিত অংশ কয়েকটি গণমাধ্যমে বিকৃত করে টুইস্ট করা হয়েছে, যা সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ কেউ ভাইরাল করার চেষ্টা করেছেন। এমন খণ্ডিত বক্তব্য বিকৃতভাবে প্রচারিত হওয়ায় আমি মর্মাহত।’
তিনি আরও বলেন, ‘আমি আমার বক্তব্যে বলেছিলাম, বর্তমান এই গণতান্ত্রিক সরকার অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে নির্বাচনি ওয়াদা বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন এবং নির্বাচনি ইশতেহারের অংশ হিসেবে আজ ফ্যামিলি কার্ড বিতরণ করেন। এভাবে যদি আমরা জনগণের পাশে দাঁড়াতে পারি, দেশকে দুর্নীতিমুক্ত করতে পারি এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা যায়, তাহলে এ সরকার ৪২ সাল পর্যন্ত জনগণের ভোটে ক্ষমতায় থাকা সম্ভব। অগণতান্ত্রিকভাবে ক্ষমতায় যাওয়া বা থাকার অভিলাষ জাতীয়তাবাদী দলের অতীতেও ছিল না, ভবিষ্যতেও নেই।’