তিন মাসে একবার সম্পাদকদের সঙ্গে বসবেন প্রধানমন্ত্রী

প্রতি তিন মাসে একবার সংবাদপত্রের সম্পাদকদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ বিষয়ে মঙ্গলবার (২১ এপ্রিল) থেকে সূচি প্রস্তুতির কাজ শুরু হয়েছে।
মঙ্গলবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সংবাদপত্র মালিকদের সংগঠন নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশনের (নোয়াব) সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
বৈঠকে প্রধানমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ না করার প্রতিশ্রুতি দিয়েছেন বলে জানান নোয়াব সভাপতি মতিউর রহমান চৌধুরী।
তিনি বলেন, সংবাদপত্র শিল্প বর্তমানে অর্থনৈতিক চাপসহ নানা সংকটের মধ্যে রয়েছে। এসব বিষয়ে প্রধানমন্ত্রী আন্তরিকতার সঙ্গে কথা শুনেছেন এবং বেশ কিছু দাবির বিষয়ে একমত হয়েছেন। তবে কিছু বিষয়ে বাস্তবায়নে সময় লাগতে পারে বলে জানিয়েছেন।
নোয়াব সদস্যরা জানান, বৈঠকে অতীতের মতো গণমাধ্যমের জন্য প্রতিকূল পরিবেশ তৈরি হয় এমন কিছু সরকার করবে না বলে জানান সরকারপ্রধান। অন্যদিকে উদার গণতন্ত্রের দিকে সরকারের পথচলা অব্যাহত থাকলে তাতে সমর্থন দেওয়ার কথা জানিয়েছে নোয়াব।