logo

স্বাধীনতার পর থেকেই দিল্লি বাংলাদেশকে প্রভাববলয়ে রাখার চেষ্টা করছে: রিজভী

স্বাধীনতার পর থেকেই দিল্লি বাংলাদেশকে প্রভাববলয়ে রাখার চেষ্টা করছে: রিজভী
বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। ছবি: এশিয়া পোস্ট

বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকেই দিল্লি দেশটিকে নিজেদের প্রভাববলয়ে রাখার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, বাংলাদেশকে চিরস্থায়ী আধিপত্যের মধ্যে নিয়ে গিয়ে করদ রাজ্যে পরিণত করার প্রচেষ্টা কখনও বন্ধ হয়নি। কমরেড মোহাম্মদ তোয়াহারা সেই বাস্তবতা অনেক আগেই উপলব্ধি করেছিলেন এবং আধিপত্যবাদের বিরুদ্ধে তাদের সংগ্রাম ও রাজনৈতিক শিক্ষা আজও প্রাসঙ্গিক।

রোববার (২৯ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে কমরেড মোহাম্মদ তোয়াহার ৩৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশের সাম্যবাদী দল এই সভার আয়োজন করে।

Advertisement

স্মৃতিচারণায় রিজভী বলেন, ভাষা আন্দোলনের নেতা গোলাম আরিফ টিপু এবং বিএনপির সাবেক মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের কাছ থেকে তিনি কমরেড তোয়াহার অনেক গল্প শুনেছেন। তারা কয়েক বছরের জুনিয়র ছিলেন। ডাকসুর তৎকালীন প্রভাবশালী নেতা হিসেবে পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তান উভয় অংশেই কমরেড তোয়াহার ব্যাপক জনপ্রিয়তা ছিল।

১৯৪৮ সালে বাংলা ভাষার পক্ষে কমরেড তোয়াহার সাহসী ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নাহর মুখের ওপর দাঁড়িয়ে বাংলা ভাষার পক্ষে প্রতিবাদ জানানো সহজ বিষয় ছিল না। রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলন শেষ হওয়ার পরপরই প্রতিষ্ঠাতার সামনে প্রকাশ্যে প্রতিবাদ জানাতে অনেক সাহসের প্রয়োজন ছিল, যা কমরেড তোয়াহা দেখিয়েছিলেন।

ব্যক্তিগত ত্যাগের প্রসঙ্গ টেনে বিএনপির এই নেতা জানান, রামগতিতে তার বেশ বড় জমিদারি ছিল বলে শুনেছেন; কিন্তু শ্রমজীবী ও কৃষকদের জন্য তিনি সবকিছু উৎসর্গ করেছিলেন। পুরান ঢাকা বা গোপীবাগে তার সঙ্গে দেখা করতে গিয়ে আত্মোৎসর্গের সেই দৃষ্টান্ত দেখার সুযোগ হয়েছিল। আদর্শ থেকে তিনি কখনো সরে আসেননি। ছাত্রনেতা থাকাকালে দেখা করতে গেলে ছাত্রদল করেন জানার পরও তিনি স্নেহ ও আশীর্বাদ করেছিলেন। তার বিশ্লেষণে গভীর পাণ্ডিত্যের পরিচয় পাওয়া যেত এবং পবিত্র কোরআন শরিফের অনেকাংশ তার মুখস্থ ছিল বলে মুরব্বিদের কাছ থেকে শুনেছেন রিজভী।

বামপন্থি রাজনীতির বিভক্তি নিয়ে রিজভী বলেন, একসময় দেশে মৌলিক রাজনৈতিক রূপান্তরের সম্ভাবনা তৈরি হয়েছিল, কিন্তু তাত্ত্বিক ও দর্শনগত বিতর্কে নেতাদের মধ্যে বিভক্তি দেখা দেয়। হক সাহেবের মতো অর্থনীতিতে স্বর্ণপদকপ্রাপ্ত ব্যক্তি, কমরেড তোয়াহা ও অন্যান্য নিবেদিতপ্রাণ নেতার মধ্যে ঐক্য থাকলে তখনকার রাজনৈতিক পরিস্থিতি ভিন্ন হতে পারত।

তিনি জানান, সাম্রাজ্যবাদ, সম্প্রসারণবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াইয়ের শিক্ষা তারা সাম্যবাদী দলের লেখালেখি এবং ন্যাপের মাওলানা ভাসানীর বক্তব্য ও লেখা থেকে পেয়েছেন।

নির্যাতন ও কারাবরণের কথা উল্লেখ করে রিজভী বলেন, কমরেড তোয়াহা রক্ষীবাহিনীর অত্যাচারের শিকার হয়েছেন এবং দীর্ঘদিন কারাগারে ছিলেন। ১৯৭৫ সালের পটপরিবর্তনের পর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় ১৯৭৯ সালের সংসদে সদস্য হিসেবে তিনি বক্তব্য দেন; তখন টেলিভিশনের প্রচলন কম থাকায় পত্রপত্রিকায় তার বক্তব্য পড়ে রাজনৈতিক অবস্থান সম্পর্কে জানতেন তারা।

বর্তমান রাজনৈতিক বাস্তবতা তুলে ধরে রিজভী বলেন, আধিপত্যবাদের বিভিন্ন হাতিয়ার এখনও সক্রিয়। শেখ হাসিনা দেশে ফেরার কথা বললেও তার অনুসারীরা বিভিন্ন স্থানে আগুন ও নাশকতা চালাচ্ছে। অন্যদিকে, প্রতিবেশী দেশের নীতিনির্ধারকেরা হস্তক্ষেপ না করার কথা বললেও বাস্তবে চাণক্যনীতির মাধ্যমে পেছন থেকে উসকানি দেওয়া হচ্ছে এবং বাংলাদেশকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে।

তিনি আরও বলেন, স্বাধীনতাসংগ্রাম ও মুক্তিযুদ্ধে অংশ নিলেও ১৯৭২ সাল থেকেই কমরেড তোয়াহারা বুঝেছিলেন যে পাকিস্তান থেকে আলাদা হওয়ার পরও দিল্লি বাংলাদেশকে প্রভাববলয়ে রাখার চেষ্টা করছে। মাওলানা ভাসানী ও কমরেড তোয়াহার মধ্যে মতপার্থক্য থাকলেও তারা সবাই ছিলেন দেশপ্রেমিক এবং স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় নিবেদিত। পূর্বসূরিদের শিক্ষা আত্মস্থ ও অনুশীলন করতে পারলে শত্রু-মিত্র চিহ্নিত করা ও স্বাধীনতার পক্ষে দৃঢ় অবস্থান নেওয়া সহজ হবে।

বাংলাদেশের সাম্যবাদী দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড হারুন চৌধুরীর সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক খান মো. নূরে আলম। এতে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সফুসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।