কুষ্টিয়ায় পীরকে পিটিয়ে হত্যার ঘটনায় মামুনুল হকের নিন্দা

কুষ্টিয়ার দৌলতপুরের ফিলিপনগর এলাকায় পীরকে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হক।
রোববার (১২ এপ্রিল) মাওলানা মামুনুল হকের প্রেস সচিব আশরাফুল ইসলাম সাদের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিবৃতিতে মামুনুল হক বলেন, ‘কোনো অবস্থাতেই আইন নিজের হাতে তুলে নেওয়া এবং সহিংসতার আশ্রয় নেওয়া গ্রহণযোগ্য নয়। একজন মানুষকে নৃশংসভাবে হত্যা করা একটি গুরুতর অপরাধ এবং এটি রাষ্ট্রের আইনের শাসনের প্রতি সরাসরি চ্যালেঞ্জ।’
তিনি এ ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও পক্ষপাতহীন তদন্ত নিশ্চিত করে প্রকৃত অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানান।
তার মতে, বিচারহীনতার সংস্কৃতি সমাজে বিশৃঙ্খলা, প্রতিশোধপরায়ণতা ও অনাস্থা তৈরি করে, যা স্থিতিশীল রাষ্ট্র ও সমাজ ব্যবস্থার জন্য মারাত্মক হুমকি।
এ ঘটনাকে কেন্দ্র করে ‘তৌহিদি জনতা’ ইত্যাদি শব্দ ব্যবহার করে দেশের বৃহৎ ধর্মপ্রাণ জনগোষ্ঠীকে সমষ্টিগতভাবে অপরাধী হিসেবে উপস্থাপনের একটি অপপ্রয়াস চলছে, বলছেন মামুনুল হক।
তিনি বলেন, ‘একটি বিচ্ছিন্ন ঘটনার দায় গোটা ধর্মপ্রাণ জনগোষ্ঠীর ওপর চাপানো অন্যায়, অযৌক্তিক এবং বিভাজন সৃষ্টিকারী।’
পক্ষপাতমূলক ও উসকানিমূলক শব্দচয়ন পরিহার করার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান তিনি।
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির বলেন, ‘এ ধরনের সহিংস ঘটনার পেছনে অনেক সময় স্থানীয় রাজনীতি, ব্যক্তিগত দ্বন্দ্ব, আধিপত্য বিস্তার ও প্রভাব প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই কুষ্টিয়ার এই ঘটনাটির ক্ষেত্রেও প্রকৃত সত্য উদ্ঘাটনে এসব দিককে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা জরুরি।’
দেশের বিভিন্ন মাজারের কর্মকাণ্ডের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘দেশের বিভিন্ন অঞ্চলে কিছু মাজারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে অসামাজিক, অনৈতিক ও আইনবহির্ভূত কর্মকাণ্ডের অভিযোগ বিদ্যমান, যা জনমনে ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি করে। এ ক্ষেত্রে সরকারের কার্যকর ও দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশিত। একইসঙ্গে দেশের সর্বস্তরের গ্রহণযোগ্য ইসলামিক স্কলারদের সমন্বয়ে একটি নিরপেক্ষ তদন্ত ও পর্যালোচনা কমিশন গঠন করে এসব বিষয় নিরসনের উদ্যোগ নেওয়া যেতে পারে।’
তিনি দুঃখ প্রকাশ করে বলেন, ‘কিছু মহল এ ধরনের স্পর্শকাতর ঘটনাকে ইসলামবিদ্বেষী রাজনীতির কাঁচামাল হিসেবে ব্যবহার করার অপচেষ্টায় লিপ্ত।’
এ ধরনের অপতৎপরতার তীব্র নিন্দা জানিয়ে তিনি দেশকে বিভাজন ও উত্তেজনার রাজনীতি থেকে রক্ষা করার আহ্বান জানান।