সংসদ অভিমুখে পদযাত্রা করবে ১১ দলীয় ঐক্য

আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে রোববার (৩০ আগস্ট) সংসদ অভিমুখে পদযাত্রা কর্মসূচি ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোট ১১ দলীয় ঐক্য। পাশাপাশি স্পিকারের কাছে স্মারকলিপি দেবে রাজনৈতক জোটটি।
শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যায় এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, রোববার ‘আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস’ উপলক্ষে আন্তর্জাতিক গুম প্রতিরোধ জাতীয় কমিটির উদ্যোগে জাতীয় সংসদ অভিমুখে পদযাত্রা ও স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে স্মারকলিপি প্রদান কর্মসূচি পালিত হবে।
এদিন বিকেল ৩টায় রাজধানীর বাংলামোটরের রূপায়ণ টাওয়ারের সামনে থেকে সংসদ অভিমুখে ওই পদযাত্রা শুরু হবে। ওই সময় মিছিল সহকারে জাতীয় সংসদ ভবনের সামনে উপস্থিত হয়ে স্পিকারের কাছে স্মারকলিপি প্রদান করা হবে।
বিবৃতিতে আরও বলা হয়, জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের এই কর্মসূচিতে পূর্ণ সমর্থন রয়েছে। কর্মসূচিকে সার্বিকভাবে সফল করতে ১১ দলীয় ঐক্যের সর্বস্তরের নেতাকর্মী ও দেশবাসীকে এতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।



