কোনো কোনো রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ

জাতীয় নির্বাচনকে সামনে রেখে কোনো কোনো রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
রাজধানীর বাংলামটরে এনসিপির কার্যালয়ে শনিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
আসিফ মাহমুদ বলেন, অস্ত্র মজুত শঙ্কা তৈরি করছে। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচন কমিশনকে আরও কঠোর হতে হবে। এজন্য যৌথবাহিনীর আভিযান আরও জোরদার করা উচিত।
তিনি বলেন, বিভিন্ন জায়গায় প্রার্থীদের হুমকি দেওয়া হচ্ছে। প্রচারণার ক্ষেত্রেও একটি দল আচরণবিধি লঙ্ঘন করছে। অথচ, নির্বাচন কমিশন কোনো ব্যবস্থা নিচ্ছে না। এটা দুঃখজনক। লেভেল প্লেয়িং ফিল্ড নেই বললেই চলে।
এনসিপির মুখপাত্র বলেন, বিএনপির ইশতেহারে উচ্চকক্ষের বিষয়ে প্রতারণা করা হয়েছে। গণভোটে ‘হ্যাঁ’ জয়লাভ করলেও বিএনপি ক্ষমতায় গেলে জুলাই সনদ বাস্তবায়ন করবে না।
আসিফ মাহমুদ অভিযোগ করেন, আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে কাজ করছে বিএনপি। আওয়ামী লীগ ফেরার ব্যাপারে জুলাইয়ের পক্ষের মানুষ মেনে নেবে না।
সংবাদ সম্মেলনে এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি মনিরা শারমিন ও ইশতেহার উপকমিটির সেক্রেটারি ইসতিয়াক আকিবসহ অনেকেই উপস্থিত ছিলেন।