logo

বাংলাদেশে সন্ত্রাসের রাজত্ব কায়েমের চেষ্টা চলছে: শিবির সভাপতি

বাংলাদেশে সন্ত্রাসের রাজত্ব কায়েমের চেষ্টা চলছে: শিবির সভাপতি
পিরোজপুরের ভান্ডারিয়ায় ছাত্রশিবিরের সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। ছবি: এশিয়া পোস্ট

দেশের আইনশৃঙ্খলা ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, বাংলাদেশ আজ এক অস্থির সময় অতিক্রম করছে। মাদক ও সন্ত্রাসের বিস্তারে সমাজের বিভিন্ন স্তরে বিপর্যয়কর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। একই সঙ্গে অর্থনৈতিক সংকট মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছে।

সোমবার (১ জুন) দুপুরে পিরোজপুরের ভান্ডারিয়ায় ছাত্রশিবিরের এক দায়িত্বশীল সমাবেশ শেষে জেলা শহরে আল্লামা সাঈদী ফাউন্ডেশন পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এর আগে তিনি দেলোয়ার হোসাইন সাঈদীর কবর জিয়ারত করেন এবং তার রুহের মাগফিরাত কামনা করে দোয়া করেন।

নুরুল ইসলাম সাদ্দাম বলেন, বাংলাদেশে চারদিকে দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাস ছড়িয়ে পড়েছে। দেশের প্রত্যন্ত অঞ্চলগুলো মাদকের অভয়ারণ্যে পরিণত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। সর্বক্ষেত্রে সন্ত্রাসের রাজত্ব কায়েমের চেষ্টা চলছে। এ পরিস্থিতি মোকাবিলায় সরকারের কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষের জীবনযাত্রা দিন দিন কঠিন হয়ে উঠছে মন্তব্য করে তিনি বলেন, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়লে দেশের বাজারেও দাম বাড়ানো হয়, কিন্তু আন্তর্জাতিক বাজারে দাম কমলেও বাংলাদেশে তার সুফল ভোক্তারা পান না।

সম্প্রতি জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রসঙ্গ টেনে সাদ্দাম বলেন, মাত্র ৪২ দিনের ব্যবধানে আবারও পেট্রোল, অকটেন ও কেরোসিনের দাম লিটারপ্রতি পাঁচ টাকা বাড়ানো হয়েছে। তেলের দাম বাড়ার সঙ্গে সঙ্গে পরিবহন ব্যয় ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যও বেড়ে যায়। অথচ সাধারণ মানুষের আয় বা বেতন সে হারে বাড়ে না।

সরকারের প্রতি আহ্বান জানিয়ে শিবির সভাপতি বলেন, জনগণকে স্বস্তি দিতে প্রয়োজন হলে ভর্তুকি দিয়ে জ্বালানি তেলের দাম নিয়ন্ত্রণে রাখা উচিত। হঠাৎ করে বারবার মূল্যবৃদ্ধি মানুষের জীবনকে আরও কঠিন করে তুলছে।

এ সময় উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (জাকসু) এজিএস ফেরদাউস হাসান, জামায়াত থেকে ঝালকাঠি-১ আসনে নির্বাচন করা ডা. ফায়জুল হক, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় এইচআরডি সম্পাদক নোমান সিকদার, পিরোজপুর জেলা সভাপতি ইমরান খান, ঝালকাঠি জেলা সভাপতি এনামুল হক, পিরোজপুর জেলা সেক্রেটারি মিজানুর রহমানসহ স্থানীয় নেতাকর্মীরা।