logo

রামিসা হত্যাকাণ্ড বিচারহীনতার প্রতিচ্ছবি: ছাত্র জমিয়ত

রামিসা হত্যাকাণ্ড বিচারহীনতার প্রতিচ্ছবি: ছাত্র জমিয়ত
রামিসা আক্তার (বাঁয়ে) ও ছাত্র জমিয়ত বাংলাদেশের লোগো। ছবি: সংগৃহীত

রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির ছাত্রী শিশু রামিসা আক্তারকে নৃশংসভাবে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে ছাত্র জমিয়ত বাংলাদেশ। এ ঘটনাকে ‘দেশে চলমান বিচারহীনতার নির্মম প্রতিচ্ছবি হিসেবে’ উল্লেখ করেছেন সংগঠনের নেতারা।

বুধবার (২০ মে) সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ছাত্র জমিয়তের সভাপতি রিদওয়ান মাযহারী এবং সাধারণ সম্পাদক সাআদ বিন জাকির বলেন, নিজ বাসার পাশের ফ্ল্যাটে রামিসার খণ্ডিত মরদেহ উদ্ধার হওয়ার ঘটনা দেশবাসীর বিবেককে নাড়িয়ে দিয়েছে। এই ঘটনা দেশে চলমান বিচারহীনতার সংস্কৃতির এক ভয়াবহ বহিঃপ্রকাশ।

তারা বলেন, যে পৈশাচিকতায় শিশুটিকে হত্যা করে মাথাবিচ্ছিন্ন করা হয়েছে এবং দেহ খাটের নিচে লুকিয়ে রাখা হয়েছে, তা কোনো সভ্য সমাজে কল্পনা করা যায় না।

তাদের মতে, অভিযুক্ত সোহেল রানার বিরুদ্ধে আগে থেকেই সন্ত্রাসবিরোধী আইনে মামলা থাকলেও তার কোনো দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় সে আরও বড় অপরাধ করার সাহস পেয়েছে। এই ধরনের বিকৃত রুচির অপরাধীদের সমাজে ঘুরে বেড়ানো সাধারণ মানুষের জীবনের জন্য চরম হুমকি।

রামিসার মা যখন তাকে খুঁজছিলেন, তখন ঘাতক সোহেল রানা জানালার গ্রিল কেটে পালিয়ে যাওয়া আইনশৃঙ্খলার নাজুক অবস্থাকেই নির্দেশ করে, বলছে ছাত্র জমিয়ত।

তাদের মতে, বিচারহীনতার এই সংস্কৃতি চলতে থাকলে শিশুরা আর কোথাও নিরাপদ থাকবে না।

ঘাতক সোহেল রানা ও তার সহযোগীদের ট্রাইব্যুনালের মাধ্যমে দ্রুত বিচার করে সর্বোচ্চ শাস্তি ফাঁসি নিশ্চিত করার দাবি জানায় ছাত্র জমিয়ত।