মঞ্জুরুল আহসান মুন্সীকে বহিষ্কার করল বিএনপি

নির্বাচনের শেষ সময়ে এসে দলীয় নীতি, আদর্শ এবং সংগঠন পরিপন্থি বক্তব্য ও কার্যকলাপের জন্য বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জি. মঞ্জুরুল আহসান মুন্সীকে বহিষ্কার করেছে দলটি।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাতে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, দলীয় নীতি, আদর্শ এবং সংগঠন পরিপন্থি বক্তব্য ও কার্যকলাপের জন্য বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জি. মঞ্জুরুল আহসান মুন্সীকে (বহিষ্কৃত) বিএনপির প্রাথমিক সদস্য পদসহ দলীয় সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
এর আগে মঞ্জুরুল আহসান মুন্সীর একটি বিতর্কিত বক্তব্য ফেসবুকে ভাইরাল হয়ে পড়ে। ভিডিওতে দলীয় প্রার্থীকে ভোট না দিলে ভোটারদের ঘর-বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।
কুমিল্লা-৪ আসনে ঋণখেলাপির দায়ে মনোনয়ন বাতিল হয় সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা মঞ্জুরুল আহসান মুন্সীর।
সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দেবিদ্বার উপজেলা গুনাইঘর (উত্তর) ইউনিয়নের বাকসার গ্রামে একটি নির্বাচনি উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
ভিডিওতে মঞ্জুরুল আহসান মুন্সীকে বলতে শোনা যায়, যদি ক্ষমতায় বিএনপি থাকে আর যদি আপনারা অন্য দলকে ভোট দেন, আমি আপনাদের কাউকে ছাড়ব না। ঘর-বাড়ি সব পুড়িয়ে ছারখার করে দেব। আমি কথা পরিষ্কার করে বলেছি। এটা মনে কইরেন না আমি ভয় দেখাচ্ছি। রেকর্ড করে ফেসবুকে ছেড়ে দিতে পারেন। আমার অসুবিধা নাই।
ভিডিওতে তিনি আরও বলেন, আমি এটা মিন করছি। সুতরাং আমাকে যেন অপমানিত হতে না হয়। আমি যদি অপমানিত হই, সেই অপমানের শোধ ওইভাবে নেব কিন্তু। আপনারা কি আমাকে অপমানিত হতে দেবেন। তাহলে সবাই কিন্তু ১২ তারিখে ট্রাক মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন। মঞ্জুরুল আহসান মুন্সীকে অপমানের হাত থেকে রক্ষা করবেন। তারেক রহমানকে সরকার গঠন করতে সহায়তা করবেন। গুনাইঘরবাসীকে সহায়তা করবেন।
মঞ্জুরুল আহসান মুন্সীর বক্তব্যের ভিডিওটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে ওই আসনের ১১ দলীয় জামায়াত জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহ বলেন, এই ধরনের হুমকি নির্বাচনের আচরণবিধির স্পষ্ট লঙ্ঘন। ভোটারদের বাড়ি-ঘর পুড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে তিনি এলাকায় ভীতির পরিবেশ তৈরি করেছেন। ইসিকে (নির্বাচন কমিশন) অবিলম্বে এর বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে।