logo

গণরায় উপেক্ষা করে কোনো সরকারই ক্ষমতায় থাকতে পারেনি 

গণরায় উপেক্ষা করে কোনো সরকারই ক্ষমতায় থাকতে পারেনি 

গণরায় উপেক্ষা করে কোনো সরকারই দীর্ঘদিন ক্ষমতায় টিকে থাকতে পারেনি বলে সতর্ক করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। সংগঠনটি জানিয়েছে, বর্তমান সরকার গণভোটের রায় অমান্য করে সংবিধানের সীমিত সংশোধনের পথে অগ্রসর হচ্ছে, যা জনগণের সঙ্গে প্রতারণার শামিল।

বুধবার (২২ এপ্রিল) বিকেল ৪টায় দলটির পুরানা পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে গণসমাবেশ বাস্তবায়ন কমিটির সভায় এ কথা বলেন নেতারা। শুক্রবার (২৪ এপ্রিল) জুমার পর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের গণসমাবেশকে সফল করতে এ সভা করা হয়। 

সংগঠনের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ, মাওলানা কুরবান আলী, যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, মাওলানা তোফাজ্জল হোসাইন মিয়াজি, সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, মাওলানা এনামুল হক মুসা, মাওলানা আবুল হাসনাত জালালী, মাওলানা ফয়সাল আহম্মদ, মাওলানা আবু সাঈদ নোমান, প্রশিক্ষণ সাম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, বায়তুলমাল সাম্পাদক মাওলানা ফজলুর রহমান, অফিস সাম্পাদক মাওলানা রুহুল আমীন খান, প্রকাশনা সাম্পাদক মাওলানা হারুনুর রশীদ, প্রচার সাম্পাদক মাওলানা হাসান জুনাইদ, কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা ছানাউল্লাহ আমিনী প্রমুখ। 

সভায় বক্তারা বলেন, গণভোটের রায় বাস্তবায়নে সরকারকে বাধ্য করতে ২৪ এপ্রিলের গণসমাবেশকে গণআন্দোলনে রূপ দিতে হবে। 

তারা দেশবাসী ও দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, গণভোটের মাধ্যমে জনগণ সংবিধানের মৌলিক সংস্কারের পক্ষে সুস্পষ্ট রায় দিয়েছে। এই রায় বাস্তবায়িত হলে সংবিধানে মহান আল্লাহর ওপর পূর্ণ বিশ্বাস ও আস্থা পুনঃপ্রতিষ্ঠা, পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ গঠন, গুরুত্বপূর্ণ বিষয়ে গণভোটের বাধ্যবাধকতা এবং বিচার বিভাগের স্বাধীনতাসহ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে জবাবদিহি নিশ্চিত হবে।

সভায় জানানো হয়, বাংলাদেশ খেলাফত মজলিস শুরু থেকেই গণভোটের পক্ষে সুস্পষ্ট ও নীতিগত অবস্থান গ্রহণ করেছে এবং এই দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত রাজপথে থেকে সর্বাত্মক আন্দোলন চালিয়ে যাবে। 

 

গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে, বলছে সংগঠনটি।