Advertisement

জুলাই গণ-অভ্যুত্থানের মাধ্যমে বিএনপির ১৭ বছরের আন্দোলন পূর্ণতা পেয়েছে: রিজভী

এশিয়া পোস্ট ডেস্ক
জুলাই গণ-অভ্যুত্থানের মাধ্যমে বিএনপির ১৭ বছরের আন্দোলন পূর্ণতা পেয়েছে: রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। ছবি: সংগৃহীত

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ১৭ বছর ধরে বিএনপি যে আন্দোলন করে আসছিল, জুলাই বিপ্লবের মধ্য দিয়ে তা পূর্ণতা পেয়েছে।

রোববার (১৯ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, বেগম খালেদা জিয়া প্রকৃত গণতন্ত্রের জন্য যে সংগ্রাম করেছেন, জুলাইয়ে সবার অংশগ্রহণে তা সফল হয়েছে।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব আরও বলেন, জনগণ যাতে স্বস্তি পায় সে জন্য কাজ করছে বিএনপি সরকার। হার্টের রিংয়ের ওপর ভ্যাট বাতিল করা হয়েছে, তাই এর দাম কমেছে। এ ছাড়া সরকার ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করেছে।

তিনি জানান, জনগণের কাছে জবাবদিহিতার অংশ হিসেবে দলের আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে বিএনপি। তবে আসন্ন স্থানীয় নির্বাচনে দলীয় নাকি জোটবদ্ধভাবে প্রার্থী বাছাই করা হবে, তা এখনও ঠিক করা হয়নি বলেও জানান তিনি।