বিএনপির সমাবেশের স্থান পরিবর্তন

ডিসেম্বর মাসজুড়ে কর্মসূচির ঘোষণা দিয়েছে বিএনপি। আগামী ১ ডিসেম্বর এ কর্মসূচির উদ্বোধন উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার কথা ছিল দলটির। তবে স্থান পরিবর্তন করে প্রধান দলীয় কার্যালয় নয়াপল্টনে সমাবেশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রোববার (২৯ নভেম্বর) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী এ কথা বলেন।
রিজভী বলেন, পহেলা ডিসেম্বর বিএনপির বিজয় অনুষ্ঠান সোহরাওয়ার্দী উদ্যানের পরিবর্তে নয়াপল্টনের সামনে অনুষ্ঠিত হবে।
কারণ হিসেবে তিনি বলেন, সোহরাওয়ার্দী উদ্যানে উন্নয়নমূলক কাজ চলায় স্থান পরিবর্তনের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রম নিয়ে তিনি বলেন, তারা বিভিন্ন স্থানে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। তাই সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীকে আরও তৎপর হতে হবে।
রিজভী বলেন, প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন ও অগ্নিসংযোগ করা হচ্ছে, হামলা করা হচ্ছে, কিন্তু তাদের গ্রেফতারে কেন গাফলতি হচ্ছে জানতে চান তিনি।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, দেশের জনগণ নিয়ে শান্তিশৃঙ্খলা রক্ষায় নেতাকর্মীরা মাঠে আছে কিন্তু সন্ত্রাসী কর্মকাণ্ড থামাতে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর ভূমিকা নিতে হবে।
তিনি আরও বলেম, কোনো লকডাউন নেই। সব শান্তিপূর্ণভাবে চলছে। কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডকে প্রশ্রয় দেওয়া হবে না।
এর আগে গতকাল শনিবার (২৮ নভেম্বর) বিএনপির মিডিয়া সেল থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১ ডিসেম্বর (মঙ্গলবার) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।
দলের মাসব্যাপী যৌথসভার উদ্বোধনী কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
এদিকে একইদিন ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর ও জেলার বিভিন্ন আসনে দলীয় সংসদ সদস্য ও প্রার্থীদের পাশাপাশি মহানগর ও জেলার শীর্ষ পর্যায়ের নেতা এবং দলের অঙ্গ–সহযোগী সংগঠনের নেতাদের সমন্বয়ে যৌথ সভা হয়।
সভার পর সংবাদ সম্মেলনে ১ ডিসেম্বরের কর্মসূচির বিষয়ে জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
যৌথ সভার সিদ্ধান্ত তুলে ধরে সংবাদ সম্মেলনে রিজভী বলেন, ‘আমরা বিজয়ের মাসব্যাপী যে কর্মসূচি ঘোষণা করেছি, তার উদ্বোধনী সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে ১ ডিসেম্বর। ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে ১ ডিসেম্বর বেলা দুইটা থেকে উদ্বোধনী সমাবেশ শুরু হবে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।’


