ন্যূনতম মজুরি প্রত্যাখ্যান করে জাতীয় শ্রমিক শক্তির ৭ দফা দাবি

পোশাকশ্রমিকদের জন্য ঘোষিত ন্যূনতম মজুরি প্রত্যাখ্যান করে সাত দফা দাবি জানিয়েছে জাতীয় শ্রমিক শক্তি। সংগঠনটি মজুরি পুনর্বিবেচনা, শ্রমিক হত্যার বিচার, মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধসহ বিভিন্ন দাবি তুলে ধরেছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কার্যালয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি মাজহারুল ইসলাম ফকির এসব দাবি তুলে ধরেন।
তিনি বলেন, শ্রমিকদের ওপর চলমান হয়রানি বন্ধ করে তাদের ন্যায্য হিস্যা নিশ্চিত করতে হবে। দাবিগুলো দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়ে তিনি হুঁশিয়ারি দেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত শ্রমিকদের নিয়ে আন্দোলন চালিয়ে যাবেন।
জাতীয় শ্রমিক শক্তির সাত দফা দাবি হলো:
১) নিম্নতম মজুরি বোর্ড ঘোষিত ১৭ হাজার টাকা নিম্নতম মজুরি পুনর্বিবেচনা করতে হবে।
২) পোশাকশ্রমিক তৌফিক ও সেলিম হত্যাকাণ্ডের সাথে জড়িতদের বিচারের আওতায় আনতে হবে।
৩) শ্রমিকদের ওপর হামলাকারী দলীয় ক্যাডার ও আইনশৃঙ্খলা বাহিনীর জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।
৪) শ্রমিকদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার করতে হবে এবং আটককৃতদের নিঃশর্ত মুক্তি দিতে হবে।
৫) কারখানায় অদৃশ্য ব্লাকলিস্টিং প্রথা বন্ধ করতে হবে। পাশাপাশি ছাঁটাই, চাকরিচ্যুতি ও শ্রমিক হয়রানি বন্ধ করতে হবে।
৬) মজুরি বোর্ড দলীয়করণের অভিযোগে বোর্ডের ওপর শ্রমিকদের আস্থা নেই। তাই সরাসরি প্রধানমন্ত্রী তারেক রহমানের হস্তক্ষেপ করতে হবে।
৭) আন্দোলনে আহত শ্রমিক, পুলিশ, বিজিবি ও সাংবাদিকসহ সবার প্রকৃত তালিকা প্রকাশ করতে হবে।
মাজহারুল ইসলাম ফকির জানান, জাতীয় শ্রমিক শক্তির নেতারা ইতোমধ্যে গাজীপুর, সাভার ও আশুলিয়ায় শ্রমিকদের পাশে রয়েছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত শ্রমিকদের সঙ্গে নিয়ে আন্দোলন অব্যাহত রাখবেন তারা।

