logo

‘৭০ ভাগ জনমতকে উপেক্ষা করে সরকার প্রতারণায় মেতে উঠেছে’

‘৭০ ভাগ জনমতকে উপেক্ষা করে সরকার প্রতারণায় মেতে উঠেছে’
মিয়া গোলাম পারওয়ার। ছবি: সংগৃহীত

সরকার গণভোটের রায় মানছে না জানিয়ে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার বলেছেন, ৭০ ভাগ জনমতকে উপেক্ষা করে তারা প্রতারণায় মেতে উঠেছে।

শনিবার (৯ মে) নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল বলেন, সরকার শুধু দেশবাসীর সঙ্গেই নয়, নিজেদের সঙ্গেও প্রতারণা করছে। নির্বাচনের আগে তারা ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অবস্থান নিয়ে ভোটও দিয়েছে। এখন জুলাই সনদ বাস্তবায়নের কথা বললেও গণভোটের রায় মানছে না। এটি বড় ধরনের প্রতারণা ও জনগণকে বিভ্রান্ত করার শামিল।

তিনি বলেন, প্রবাদ আছে, যে যায় লঙ্কায়, সেই হয় রাবণ। বর্তমানে সেটিই বাস্তবে পরিণত হয়েছে। বিএনপি ক্ষমতায় গিয়ে সেই ভূমিকায় অবতীর্ণ হয়েছে।

মিয়া গোলাম পারওয়ার বলেন, সরকারের উন্নয়ন কার্যক্রমের আমরা বিরোধিতা করি না, বরং উৎসাহ দিই। তবে, উন্নয়নের ক্ষেত্রে আঞ্চলিকতা কিংবা সরকারদলীয় এমপিদের অগ্রাধিকার দেওয়াকে গ্রহণযোগ্য মনে করি না। উন্নয়ন হতে হবে ন্যায্যতা ও সাম্যের ভিত্তিতে।

তিনি আরও বলেন, বিএনপির নির্বাচিত প্রতিনিধিদের এলাকায় একযোগে সিটি করপোরেশন, নতুন উপজেলা, বিশ্ববিদ্যালয় ও আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে। অথচ জাতীয় ও আঞ্চলিক গুরুত্ব বিবেচনায় এসব উন্নয়ন ভিন্ন ভিন্ন এলাকায় হওয়া উচিত।