শুধু নেতা পরিবর্তনের মাধ্যমে মানুষের মুক্তি আসবে না: চরমোনাই পীর

মানুষের মধ্যে তাকওয়া, খোদাভীতি, দ্বীনদারি তৈরি না হলে শুধু আইন, বন্দোবস্ত ও নেতা পরিবর্তনের মাধ্যমে দেশের মানুষের কাঙ্ক্ষিত মুক্তি আসবে না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর)।
বৃহস্পতিবার (৫ মার্চ) বরিশালের চরমোনাই মাদ্রাসা মসজিদে ১৫ দিনব্যাপী তালিম-তরবিয়তের শেষ দিনের বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।
মুহাম্মাদ রেজাউল করীম বলেন, মানুষ সৃজনশীল। কোনো আইন-কানুন দিয়ে মানুষকে অপরাধ থেকে বিরত রাখা যায় না। মানুষকে অপরাধ থেকে বিরত রাখতে হলে মানুষের মধ্যে পাপের প্রতি অনীহা তৈরি করতে হয়। পরকালের ভয় সৃষ্টি করতে হয়। তাহলে মানুষ নিজ থেকেই পাপাচার, অন্যায়, দুর্নীতি ও জুলুম থেকে বিরত থাকে।
আল্লাহ তাআলা রমজান মাসকে মানুষের মধ্যে তাকওয়া সৃষ্টি জন্য নির্ধারণ করেছেন উল্লেখ করে তিনি বলেন, এই মাস যদি আল্লাহর নির্দেশনা মাফিক আমল-জিকির-আজকারের মাধ্যমে অতিবাহিত করতে পারি, তাহলে ব্যক্তি হিসেবেও আমরা সফল হব। জাতি হিসেবেও আমরা দুর্নীতি, অনাচার ও পাপাচার থেকে রক্ষা পাব।
চরমোনাই মাদ্রাসা মসজিদে প্রতি বছর প্রথম রমজান থেকে পনেরো রমজান পর্যন্ত তালিম-তরবিয়ত অনুষ্ঠিত হয়। সারা দেশ থেকে বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মানুষ এই তালিম-তরবিয়তে অংশ নেন।