logo

বাংলাদেশ আক্রান্ত হলে ভারত টুকরো টুকরো হয়ে যাবে: আজিজুল হক

বাংলাদেশ আক্রান্ত হলে ভারত টুকরো টুকরো হয়ে যাবে: আজিজুল হক
বিক্ষোভ মিছিল। ছবি: এশিয়া পোস্ট

ভারতীয় সাম্রাজ্যবাদী শক্তির দ্বারা বাংলাদেশ আক্রান্ত হলে ভারত টুকরো টুকরো হয়ে যাবে বলে মন্তব্য করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী। তিনি বলেছেন, ‘ভারতের নিরাপত্তা বলতে কিছুই থাকবে না। বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব বিরোধী যে কোনো আগ্রাসী শক্তিকে প্রতিহত করতে দেশপ্রেমিক জনগণই যথেষ্ট।’

শুক্রবার (২৭ নভেম্বর) হেফাজতে ইসলাম বাংলাদেশ যাত্রাবাড়ী জোন আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

Advertisement

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পরিবহন ও শ্রমমন্ত্রী অর্জুন সিং কর্তৃক আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখল করার এবং এ দেশের মানুষের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার হুমকির প্রতিবাদে এর আয়োজন করা হয়।

মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘বাংলাদেশের মহান বিজয় দিবসকে সামনে রেখে প্রতিবেশী রাষ্ট্রের একজন মন্ত্রীর বাংলাদেশ সম্পর্কে ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য কেবল কূটনৈতিক শিষ্টাচারের পরিপন্থিই নয়; বরং এটি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি চরম হুমকি। অনতিবিলম্বে ভারতীয় অজ্ঞ মন্ত্রীর বাংলাদেশ বিরোধী ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য প্রত্যাহার এবং প্রকাশ্য ক্ষমা চাইতে হবে। ভারতীয় হাইকমিশনারকে ডেকে এনে ভারতীয় মন্ত্রীর বাংলাদেশ সম্পর্কে ঔদ্ধত্যপূর্ণ ও চরম উসকানিমূলক বক্তব্যের প্রতিবাদ জানাতে হবে।’

সংগঠনের যাত্রাবাড়ী জোন সভাপতি মুফতি আজহারুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি মুফতি শরীফ উল্লাহর সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির ছিলেন, হেফাজতে ইসলাম বাংলাদেশে কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী।

সমাবেশে মাওলা মুরশিদ আলম, মাওলানা আজহারুল ইসলাম আজমী, মুফতি মুহাম্মাদুল্লাহ,মাওলানা আনোয়ার হামিদী, মুফতি শফিক সাদী, মুফতি ইমামুদ্দীন, মুফতি নাঈমুল ইসলাম সাজ্জাদ, মাওলনা দেলাওয়ার হোসাইন, মাওলানা মাহফুজ মুসলেহ, মাওলানা কবীর আহমদ, মো. আল আমিন ও মাওলানা আনিসুর রহমান জাফরী বক্তব্য রাখেন।

বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীরা ভারতীয় মন্ত্রীর বাংলাদেশ দখলের ঔদ্ধত্যপূর্ণ হুমকি এবং দেশের অভ্যন্তরে আওয়ামী লীগের জ্বালাও-পোড়াও ও নাশকতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানান।

এ সময় তারা দেশবিরোধী যে কোনো ষড়যন্ত্র ও আগ্রাসন রুখে দেওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেন। পরে মিছিলটি যাত্রাবাড়ী চৌরাস্তা মোড় থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কাজলায় গিয়ে শেষ হয়।

নূর মামুন

সম্পাদনা

নূর মামুন

জ্যেষ্ঠ সহসম্পাদক | এশিয়া পোস্ট