logo

নরসিংদীতে কিশোরীর সঙ্গে নৃশংসতায় রাজনৈতিক প্রশ্রয়ই দায়ী: ইসলামী আন্দোলন

নরসিংদীতে কিশোরীর সঙ্গে নৃশংসতায় রাজনৈতিক প্রশ্রয়ই দায়ী: ইসলামী আন্দোলন

নরসিংদীতে ধর্ষণের বিচার চাওয়ায় ১৫ বছর বয়সি এক কিশোরীকে বাবার কাছ থেকে অপহরণ করে হত্যা করা হয়। এই ঘটনায় রাজনৈতিক প্রশ্রয়-ই দায়ী বলে মন্তব্য করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্মমহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে দলটির কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ ফজলুল করীম মারুফের পাঠানো এক বিবৃতিতে এমন মন্তব্য করা হয়।

বিবৃতিতে বলা হয়, এই ঘটনার বিবরণে একটি বিষয় স্পষ্ট। তা হলো রাজনৈতিক প্রশ্রয় ও দুর্বৃত্তায়ন। অপরাধী মহিষাসুর ইউনিয়ন বিএনপির সহসভাপতির নিজস্ব বলয়ের হওয়ার কারণেই প্রথম দফা ধর্ষণের দুঃসাহস করেছে এবং বিচারের নামে নির্যাতিতের ওপরেই খড়গহস্ত হওয়া ধর্ষকের দল বেপরোয়া হয়। এই ঘটনা রাজনৈতিক দুর্বৃত্তায়নের বীভৎস উদাহরণ। ইসলামী আন্দোলন বাংলাদেশ এই ঘটনার সঙ্গে জড়িত অপরাধীদের সর্বোচ্চ শাস্তি দাবি করছে। যে রাজনৈতিক চক্র অপরাধীকে প্রশ্রয় দিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের মুখপাত্র বলেন, কেন্দ্রীয় বিএনপিকে বলব সারাদেশের কমিটিগুলো ঠিক করুন। অপরাধী ও অপরাধপ্রবণ লোকগুলোকে কমিটি থেকে ছেঁটে ফেলুন, অন্যথায় এর দায় আপনাদেরকেও নিতে হবে।