সাংবাদিকরা আহত হওয়ায় ছাত্রদল সেক্রেটারির দুঃখ প্রকাশ

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সংলগ্ন শাহবাগ থানায় ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনায় সাংবাদিক আহত হওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।
শুক্রবার (২৪ এপ্রিল) ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বলেন, একটি কুরুচিপূর্ণ ফেসবুক পোস্টকে কেন্দ্র করে প্রকাশ্য ও গুপ্ত শিবিরের নেতাকর্মীদের সৃষ্ট মব এবং ছাত্রদলের বিক্ষুব্ধ নেতাকর্মীদের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় সংবাদ সংগ্রহ করতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কয়েকজন সদস্য আহত হন বলে আমরা জানতে পেরেছি।।
ছাত্রদলের পক্ষ থেকে আন্তরিক দুঃখপ্রকাশ জানিয়ে নাছির উদ্দীন নাছির বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সাংবাদিকদের সুরক্ষা ও গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে। ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনে সাংবাদিক সমিতির ভূমিকা ছিল অসামান্য।
তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে আর কোনো সাংবাদিক পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে হয়রানির শিকার হবেন না।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার মেয়ে জাইমা রহমানকে নিয়ে একটি বিকৃত ফটোকার্ড ছড়ানোর অভিযোগে বৃহস্পতিবার সন্ধ্যায় রণক্ষেত্রে পরিণত হয় শাহবাগ থানা এলাকা। এই ঘটনায় ছাত্রদলের নেতাকর্মীদের হামলায় ডাকসু দুই শীর্ষ নেতাসহ অন্তত ১০ জন সাংবাদিক আহত হয়েছেন। যদিও ফ্যাক্টচেক প্রতিষ্ঠানগুলো নিশ্চিত করেছে, যে পোস্টটি ঘিরে এত উত্তেজনা সেটি ‘ভুয়া’ ও ‘এডিট করা’ ফটোকার্ড।