logo

নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসে জড়িতদের শাস্তি দাবি ইসলামী ছাত্র আন্দোলনের

এশিয়া পোস্ট প্রতিবেদক
এশিয়া পোস্ট প্রতিবেদক
নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসে জড়িতদের শাস্তি দাবি ইসলামী ছাত্র আন্দোলনের
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের লোগো। ছবি: সংগঠন সৌজন্যে

যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। সংগঠনের মতে, প্রশ্নফাঁসের অভিযোগে পরীক্ষা বাতিলের ঘটনায় চাকরিপ্রত্যাশীদের মধ্যে হতাশা ও ক্ষোভ সৃষ্টি হয়েছে। দীর্ঘদিনের প্রস্তুতি, সময় ও অর্থ ব্যয় করে পরীক্ষায় অংশ নিতে আসা চাকরি প্রত্যাশীদের স্বপ্ন ও প্রত্যাশা এ ঘটনায় চরমভাবে ব্যাহত হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের সভাপতি মুনতাছির আহমাদ এবং সেক্রেটারি জেনারেল সুলতান মাহমুদ বলেন, নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের মতো ঘটনা শুধু পরীক্ষার্থীদের সঙ্গে প্রতারণা নয়, বরং মেধা, যোগ্যতা ও ন্যায্য প্রতিযোগিতার ভিত্তিতে কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করার ব্যবস্থার প্রতিও গুরুতর আঘাত। একটি রাষ্ট্রের নিয়োগব্যবস্থা যদি অনিয়ম ও দুর্নীতির অভিযোগে প্রশ্নবিদ্ধ হয়, তাহলে তরুণ সমাজের মধ্যে হতাশা ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের প্রতি আস্থাহীনতা তৈরি হওয়া স্বাভাবিক।

তারা বলেন, প্রশ্নফাঁসের অভিযোগের সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করতে হবে। প্রশ্নপত্র প্রণয়ন, মুদ্রণ, সংরক্ষণ ও বিতরণ প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্টদের ভূমিকা যথাযথভাবে খতিয়ে দেখে দুর্নীতির অভিযোগে জড়িতদের শনাক্ত করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম রোধে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্রের নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনায় কার্যকর সংস্কার আনতে হবে।

চাকুরি কোনো বিশেষ গোষ্ঠীর অনুগ্রহ নয়, এটি মেধা ও যোগ্যতার ভিত্তিতে অর্জনের অধিকার বলে জানায় ইসলামী ছাত্র আন্দোলন। তারা বলেন, তরুণদের শ্রম, মেধা ও স্বপ্ন নিয়ে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি বরদাশত করা হবে না। আমরা চাই, প্রতিটি নিয়োগ পরীক্ষা হোক স্বচ্ছ, নিরপেক্ষ ও জবাবদিহিমূলক। যোগ্য প্রার্থীরা যেন কোনো অনিয়মের শিকার না হয়ে নিজেদের মেধার যথাযথ মূল্যায়ন পান।

মেধার মূল্যায়ন চেয়ে প্রশ্নফাঁস ও দুর্নীতিমুক্ত নিয়োগব্যবস্থার আহ্বান জানায় সংগঠনটি।