সাবেক ভূমিমন্ত্রী ও এমপির ফেসবুক পেজের অ্যাডমিন গ্রেপ্তার

প্রতারণা, জালিয়াতি ও অর্থ আত্মসাতের মামলায় আওয়ামী লীগের সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এবং সাবেক সংসদ সদস্য অনুপম শাহজাহান জয়ের ফেসবুক পেজের অ্যাডমিন শিশির মুন্নাকে (২৮) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) ওয়ারী বিভাগ ও যাত্রাবাড়ী থানা পুলিশ।
বুধবার (১৭ জুন) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কাতারে সরকারি প্রকল্পে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে শিশির মুন্না ও তার সহযোগীরা এক ব্যবসায়ীর কাছ থেকে ধাপে ধাপে ১১ লাখ ২৭ হাজার টাকা গ্রহণ করেন। পরে তারা ভুক্তভোগীকে জাল ভিসা ও নকল বিমান টিকিট সরবরাহ করেন। প্রতারণার বিষয়টি বুঝতে পেরে ভুক্তভোগী টাকা ফেরত চাইলে অভিযুক্তরা টালবাহানা শুরু করেন এবং প্রাণনাশের হুমকি দেন। এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় প্রতারণা, জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়।
একাধিক ভুক্তভোগীর অভিযোগের পর ডিবি ওয়ারী বিভাগের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৬ জুন) রাত প্রায় আড়াইটার দিকে যাত্রাবাড়ী থানা পুলিশের সহযোগিতায় মতিঝিল থানার একটি এলাকায় অভিযান চালিয়ে শিশির মুন্নাকে গ্রেপ্তার করে।
প্রাথমিক তদন্তে ডিবি জানতে পেরেছে, শিশির মুন্না সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ ও সাবেক সংসদ সদস্য অনুপম শাহজাহান জয়ের ফেসবুক পেজ পরিচালনার দায়িত্বে ছিলেন। তিনি নির্বাচনি প্রচারণামূলক ভিডিও তৈরি, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার কার্যক্রম এবং বিভিন্ন প্রমোশনাল কাজের সঙ্গে যুক্ত ছিলেন।
ডিবির দাবি, তৎকালীন প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিদের নাম ব্যবহার করে বিদেশে লোক পাঠানোর প্রলোভন দেখিয়ে জাল ভিসা ও নকল বিমান টিকিট সরবরাহের মাধ্যমে তিনি প্রতারণা করতেন। এ ছাড়া ব্যবসায়িক বিনিয়োগের নামে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
পুলিশ জানায়, ২০২৪ সালের ৫ আগস্টের পর শিশির মুন্না কাতারে চলে যান। পরে ২০২৫ সালের এপ্রিল মাসে দেশে ফিরে এসে আবারও প্রতারণামূলক কর্মকাণ্ড শুরু করেন। তার বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি গ্রেপ্তারি পরোয়ানাও মুলতবি রয়েছে।
গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।
