logo
Advertisement

ষড়যন্ত্র নিয়ে প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন উপদেষ্টা মির্জা আব্বাস

এশিয়া পোস্ট ডেস্ক
এশিয়া পোস্ট ডেস্ক
ষড়যন্ত্র নিয়ে প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন উপদেষ্টা মির্জা আব্বাস
প্রধানমন্ত্রী তারেক রহমান ও রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। ছবি: ভিডিও থেকে নেওয়া

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস মন্তব্য করে বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভালো কাজগুলো কিছু খারাপ লোকের খারাপ কাজের কারণে ধ্বংস হয়ে যাচ্ছে। এই দলের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হচ্ছে, অনেক ষড়যন্ত্র হবে, আপনার বিরুদ্ধেও অনেক ষড়যন্ত্র হবে।

Advertisement

শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্যকালে প্রধানমন্ত্রীর পাশে বসেই তাকে এ বিষয়ে সতর্ক করেন তিনি।

মির্জা আব্বাস বলেন, আজ একটি কথা আমি পরিষ্কার করে বলতে চাই, এই দলের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হচ্ছে, অনেক ষড়যন্ত্র হবে, আপনার বিরুদ্ধেও অনেক ষড়যন্ত্র হবে। আপনি দয়া করে সাবধান থাকবেন। নিঃসন্দেহে আপনি অনেক উদার, তবে সব সময় সব জায়গা এমন যাবে না। বহু কর্মী আছে, নেতা আছে, যারা আপনার সামনে অনেক ভালো ভালো কথা বলে, কিন্তু বাইরে এসে ভালো কথা বলে না।

এ সময় কখনো একাকী জিজ্ঞেস করা হলে প্রধানমন্ত্রীকে এ বিষয়ে আরও বিস্তারিত বলবেন বলেও জানান বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য।

প্রধানমন্ত্রীকে সতর্ক থাকার অনুরোধ জানিয়ে মির্জা আব্বাস বলেন, বিষয়গুলো সম্পর্কে আপনার একটু সাবধান হওয়া উচিত। কারণ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাভাবিক মৃত্যু হয়নি। অবশ্যই দেশনেত্রীর মৃত্যু স্বাভাবিক। কিন্তু বেগম খালেদা জিয়াকে কেউ হত্যা না করলেও যেভাবে মারা গেছেন, সেটি আমাদের কারও কাম্য ছিল না।

প্রধানমন্ত্রী কাজের প্রশংসা করে তিনি বলেন, ইতোমধ্যে বহু প্রশংসনীয় কাজ আপনি করেছেন। কিন্তু বাস্তব কথা হলো, আপনার সব ভালো কাজ কিছু খারাপ লোকের খারাপ কথায় ও খারাপ কাজে ধ্বংস হয়ে যাচ্ছে। এ সময় প্রধানমন্ত্রীকে লক্ষ্য রাখার অনুরোধ জানান তিনি।

কান্নাজড়িত কণ্ঠে মির্জা আব্বাস বলেন, এই দলকে আমি অনেক ভালোবাসি। প্রতিষ্ঠাবার্ষিকীর ৪৮ বছরে অনেক কিছু মিস করেছি, কিন্তু কখনো এই অনুষ্ঠান মিস করিনি। সেই জায়গা থেকেই আজও এভাবে এখানে আসা। এ সময় নেতা-কর্মীদের সঠিক তথ্যগুলো প্রধানমন্ত্রীর সামনে উপস্থাপন করার পাশাপাশি দলের জন্য এক হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।