Advertisement

বিএনপি জোটে নয়, স্থানীয় নির্বাচনে একক প্রার্থী দেবে জমিয়ত

এশিয়া পোস্ট নিউজ
বিএনপি জোটে নয়, স্থানীয় নির্বাচনে একক প্রার্থী দেবে জমিয়ত
বিএনপি ও জমিয়তে উলামায়ে ইসলামের লোগো। ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটসঙ্গী জমিয়তে উলামায়ে ইসলামকে চারটি আসনে ছাড় দেয় বিএনপি। তবে এগুলোর একটিতেও জয় লাভ করতে পারেনি দলটি। ক্ষমতায় গিয়ে বিএনপিও তাদের আগের মতো গুরুত্ব দিচ্ছে না, অভিযোগ জমিয়ত নেতাদের। এমন পরিস্থিতিতে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি জোটের বাইরে এককভাবে নির্বাচন করবেন বলে জানিয়েছেন দলের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক।

সম্প্রতি এশিয়া পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা জানান জমিয়ত সভাপতি।

নির্বাচনে আসন না পাওয়ায় বিএনপির দিকে অভিযোগ তুলে উবায়দুল্লাহ ফারুক বলেন, ‘জমিয়তের আসনগুলো বিএনপি খালি করে দেয়নি। যারা দাঁড়িয়েছিল, তাদেরকে প্রথমেই দল থেকে বহিষ্কার করে দিয়েছে বিএনপি। তাদের সঙ্গে কথা না বলে হুট করে সরিয়ে দিয়েছে। বিএনপির ভালো মনোভাব থাকলে তাদের ডেকে নিয়ে আসতেন। বসাতেন। ম্যানেজ বা ব্যবস্থা করতেন। ম্যানেজ করা হলো সমস্যার সমাধান। দল থেকে বহিষ্কার করলে তো মানুষকে আরও জেদ পেয়ে বসে। বিএনপির এই আচরণ আমরা ভালো চোখে দেখেনি।’

জমিয়ত সভাপতি বলেন, ‘আমাদের সঙ্গে বিএনপির ভালো আচরণ ছিল না। এর বড় প্রমাণ হলো, নির্বাচনের পর আমাদের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। কোনো কুশল নেই। বৈঠক নেই। জোটের অন্যদের পাস করালেন, তাদের নিয়ে চললেন, কিন্তু আমাদের নিয়ে একটা বৈঠকও করলেন না। এটা রহস্যজনক বিষয়। বিএনপি আমাদের উপেক্ষা করছে।’

বিএনপির সঙ্গে জোট নিয়ে জমিয়তের চিন্তা-ভাবনা জানতে চাইলে তিনি বলেন, ‘বিএনপির সঙ্গে আমাদের নিয়মিত কোনো জোট হয়নি। নির্বাচনে আসন ভাগাভাগির সমঝোতা হয়েছে। বিএনপি আমাদের নিয়ে চললে এটা জোট হতো। আমরাও সরকার গঠনের প্রক্রিয়ায় থাকতাম। তারা আসন ভাগাভাগি পর্যন্তই রয়েছে, তারা আমাদের জোট হিসেবে নেয়নি। আমরাও জোট হিসেবে যায়নি। নির্বাচনি সমঝোতা হলো নির্বাচন হয়েছে, সমঝোতা হয়েছে। আবার নির্বাচন হলে আবার হবে অথবা হবে না। আমরা বিএনপির সঙ্গে নেই। স্থানীয় নির্বাচনে আমরা একক নির্বাচন করব।’