logo

৪০ দিনের কর্মসূচিতে কোন দিন কী করবে জামায়াত

৪০ দিনের কর্মসূচিতে কোন দিন কী করবে জামায়াত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর লোগো। ছবি: এশিয়া পোস্ট গ্রাফিকস

দেশে চলমান উদ্ভূত পরিস্থিতি, রাজনৈতিক সংকট, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিজয়ের মাস ডিসেম্বর উপলক্ষে টানা ৪০ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশে জামায়াতে ইসলামী। আগামী ২১ নভেম্বর রাজধানীতে সমাবেশ ও বিক্ষোভ মিছিলের মধ্য দিয়ে কর্মসূচি শুরু করবে দলটি। যা চলবে চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত।

কর্মসূচির মধ্যে রয়েছে রাজধানীসহ দেশের মহানগর, জেলা, উপজেলা ও থানা পর্যায়ে সমাবেশ-বিক্ষোভ, আলোচনা সভা, মানববন্ধন, বিজয় র‌্যালি, রক্তদান ও মেডিকেল ক্যাম্প। পাশাপাশি ব্যবসায়ী, চিকিৎসক, প্রকৌশলী ও নারীদের নিয়েও পৃথক কর্মসূচি পালন করবে দলটি।

Advertisement

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এ ঘোষণা দেন। দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে দলটি।

যেসব কর্মসূচি পালন করবে জামায়াত

২১ নভেম্বর: বাদ জোহর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে সন্ত্রাস-নাশকতা ও আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার প্রতিবাদে ঢাকায় সমাবেশ ও মিছিল।

২৫ নভেম্বর: সন্ত্রাস-নাশকতা ও আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার প্রতিবাদে ১১টি মহানগরীতে (ঢাকা ছাড়া) সমাবেশ ও মিছিল। আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে মহিলা বিভাগের উদ্যোগে ঢাকায় মানববন্ধন।

২৬ নভেম্বর: সন্ত্রাস-নাশকতা ও আইন শৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার প্রতিবাদে জেলা সদরে সমাবেশ ও মিছিল। জেলা সংগঠন আয়োজন করবে।

২৯ নভেম্বর: ফিলিস্তিনের জনগণের সঙ্গে আন্তর্জাতিক সংহতি দিবস উপলক্ষে ঢাকায় আলোচনা সভা।

৩০ নভেম্বর: সন্ত্রাস-নাশকতা ও আইন শৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার প্রতিবাদে দেশব্যাপী উপজেলা/থানা সদরে সমাবেশ ও মিছিল। উপজেলা/থানা সংগঠন আয়োজন করবে।

২ ডিসেম্বর: পোশাক শিল্পে অস্থিরতা ও সংঙ্কট সমাধানে ঢাকায় আলোচনা সভা।

৬ ডিসেম্বর: স্বৈরাচার পতন ও কেয়ারটেকার সরকার দিবস উপলক্ষে ঢাকায় আলোচনা সভা।

৯ ডিসেম্বর: আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে ঢাকায় আলোচনা সভা।

১০ ডিসেম্বর: আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আইনজীবীদের উদ্যোগে ঢাকায় আলোচনা সভা।

১৩ ডিসেম্বর: ঢাকায় ব্যবসায়ী সম্মেলন।

১৪ ডিসেম্বর: শহীদ বুদ্ধিজীবী দিবস পালন।

মহান বিজয় দিবস ঘিরে আয়োজন

১৫ ডিসেম্বর: ঢাকায় আলোচনা সভা।

১৬ ডিসেম্বর: রাজধানীসহ দেশব্যাপী ‘বিজয় র‍্যালি’ আয়োজন করা হবে।

১৯ ডিসেম্বর: শহীদ শরীফ ওসমান বিন হাদির শাহাদাত উপলক্ষে আলোচনা সভা ও দোয়া।

২০ ডিসেম্বর: চিকিৎসকদের উদ্যোগে আলোচনা সভা।

২১ ডিসেম্বর: প্রকৌশলীদের উদ্যোগে আলোচনা সভা।

২৩ ডিসেম্বর: মহিলা বিভাগের উদ্যোগে আলোচনা সভা।

২৬ থেকে ৩১ ডিসেম্বর: দেশব্যাপী রক্তদান কর্মসূচি, মেডিক্যাল ক্যাম্প এবং যুদ্ধাহত ও অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের সহায়তা প্রদান।

সংবাদ সম্মেলনে মিয়া গোলাম পরওয়ার বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং বিজয়ের মাস ডিসেম্বর, দুটি বিষয় বিবেচনায় নিয়ে এ কর্মসূচি নেওয়া হয়েছে। সন্ত্রাস, নাশকতা ও সহিংসতা প্রতিরোধের পাশাপাশি রাজনৈতিক সংকট নিরসনে জনমত গড়ে তোলাও এসব কর্মসূচির লক্ষ্য।

মিয়া গোলাম পরওয়ার বলেন, গণভোটের গণরায় কার্যকর না করে সরকার বিরোধী দলকে পাশ কাটিয়ে একতরফাভাবে এগিয়ে যাচ্ছে। এতে রাজনৈতিক অঙ্গনে সংকট তৈরি হয়েছে। সংসদে এ সংকটের সমাধান হচ্ছে না, রাজপথের আন্দোলনও অব্যাহত রয়েছে। সরকার দ্রুত নিজের অবস্থান পরিবর্তন না করলে পরিস্থিতি আরও ঘনীভূত হতে পারে।

দেশের ৭০ শতাংশ মানুষের রায় অগ্রাহ্য করায় সরকারের প্রতি মানুষের আস্থা কমছে মন্তব্য করে তিনি বলেন, একদিকে শ্রমিকদের ন্যায্য মজুরি ও পোশাকশিল্পের স্বার্থ নিয়ে সংকট তৈরি হয়েছে, অন্যদিকে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে সন্ত্রাস, সহিংসতা, ভাঙচুর ও নাশকতার ঘটনা ঘটছে। এতে জাতীয় জীবনে উদ্বেগ ও অস্থিরতা বাড়ছে।

সেক্রেটারি জেনারেল বলেন, এসব ঘটনা এখন আর শুধু গোপালগঞ্জে সীমাবদ্ধ নেই, দেশের বিভিন্ন জেলায় ছড়িয়ে পড়েছে। তাদের কাছে পাওয়া তথ্য অনুযায়ী, ২২টির বেশি জেলায় সংঘাতের ঘটনা ঘটেছে। এতে হতাহতের পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে। জাতীয় সংকট মোকাবিলায় সরকার, বিরোধী দল ও জনগণের মধ্যে ঐক্য প্রয়োজন। জামায়াতে ইসলামী দেশপ্রেমিক, আধিপত্যবাদ ও ফ্যাসিবাদবিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ রাখতে চায়। একই সঙ্গে জনগণকে সঙ্গে নিয়ে নাশকতা ও সহিংসতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মিয়া গোলাম পরওয়ার বলেন, আওয়ামী লীগের রাজনৈতিক তৎপরতা প্রতিহত করতে জামায়াত জনগণকে সঙ্গে নিয়ে নিয়মতান্ত্রিক ও অহিংস আন্দোলন করবে। ফ্যাসিবাদ প্রতিহত করার অর্থ গাড়ি পোড়ানো বা মানুষ হত্যা নয়। জনগণই হবে এ আন্দোলনের প্রধান শক্তি।

বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনের সিদ্ধান্ত হয়েছে কি না, এমনটা জানতে চাইলে তিনি বলেন, জামায়াতের সব কর্মসূচি দলীয়ভাবে পালন করা হবে। ১১ দলীয় জোটের বৈঠক হয়েছে। তবে জোটের প্রতিটি শরিক দল নিজ নিজ অবস্থান থেকে কর্মসূচি ঘোষণা করবে। বিএনপির সঙ্গে যৌথ আন্দোলনের বিষয়ে কেন্দ্রীয়ভাবে কোনো সিদ্ধান্ত হয়নি।

সরকারের জাতীয় ঐক্যের আহ্বান প্রসঙ্গে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের সময় যে ইস্যুতে রাজনৈতিক দলগুলো এক মঞ্চে এসেছিল, সেই জুলাই সনদ ও রাষ্ট্রব্যবস্থা সংস্কারের বিষয়টি আগে সমাধান করতে হবে। এক মঞ্চে আসতে হলে যে কারণে জুলাইয়ে ঐক্য হয়েছিল, সরকারকে আগে সেই বিষয়গুলো বাস্তবায়ন করতে হবে।

এ সময় জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতারা উপস্থিত ছিলেন।