মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় দফা অস্ত্রোপচার সম্পন্ন

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা ও সংসদ সদস্য মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় দফার অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টায় তার এ অস্ত্রোপচার শুরু হয় বলে বিএনপির দলীয় সূত্র এ তথ্য জানায়।
মির্জা আব্বাসের দ্বিতীয় অস্ত্রোপচার সফল হয়েছে জানিয়ে চিকিৎসকরা বলেছেন, বর্তমানে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
তারা জানান, দ্বিতীয় দফার অস্ত্রোপচার-পরবর্তী পরিস্থিতি এবং শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হতে পারে।
আজ সন্ধ্যা সাড়ে ৬টায় দ্বিতীয় দফার অস্ত্রোপচার শুরু হয় জানিয়ে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে বলেন, মির্জা আব্বাসের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেই উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হবে। সিঙ্গাপুরে স্থানান্তরের জন্য এয়ার অ্যাম্বুলেন্সসহ প্রয়োজনীয় সব প্রস্তুতি এরই মধ্যে সম্পন্ন করে রাখা হয়েছে।
এর আগে বিকেল ৩টায় মির্জা আব্বাসের মস্তিষ্কে প্রথম দফার অস্ত্রোপচার শুরু হয়, যা সন্ধ্যা সোয়া ৬টায় শেষ হয়।
এদিকে গুরুতর অসুস্থ মির্জা আব্বাসকে দেখতে আজ দুপুরে এভারকেয়ার হাসপাতালে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি দায়িত্বরত চিকিৎসকদের কাছ থেকে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং উন্নত চিকিৎসার জন্য দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। বিশেষ করে সিঙ্গাপুরে উন্নত চিকিৎসার বিষয়টি দ্রুত সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।
এ ছাড়া তাকে দেখতে হাসপাতালে যান স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ বিশিষ্ট ব্যক্তিরা।