logo

বাংলাদেশকে অন্য দেশের কাছে বন্ধক দেওয়া হয়েছিল: তারেক রহমান

বাংলাদেশকে অন্য দেশের কাছে বন্ধক দেওয়া হয়েছিল: তারেক রহমান

গত ১৬ বছর বাংলাদেশকে অন্য দেশের কাছে বন্ধক দেওয়া হয়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, গত ১৬ বছর ব্যালট ছিনতাই হয়েছে, আমি-ডামি, নিশিরাতের নির্বাচন হয়েছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সিলেটের আলিয়া মাদরাসা মাঠে নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, বিগত দিনে উন্নয়নের নামে লুটপাট করে বিদেশে পাচার করা হয়েছে। তথাকথিত উন্নয়নের নামে অর্থ লুট করে নেওয়া হয়েছে। এই অবস্থার উন্নয়ন করতে চাই।

তিনি বলেন, যারা পালিয়ে গিয়েছে, যারা বাক-স্বাধীনতা, ভোটের অধিকার কেড়ে নেয়েছিল, তারাই ইলিয়াস আলীর মতো শত হাজার মানুষকে হত্যা করেছে। গুম খুনের মামলা দিয়ে জর্জরিত করা হয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, টেক ব্যাক বাংলাদেশের অর্ধেক পূরণ করেছি, স্বৈরাচার মুক্ত করেছি। গণতন্ত্রের পথে যাত্রা শুরু হবে ধানের শীষকে বিজয়ী করার মধ্য দিয়ে।

এর আগে সকাল ১০টা ৫০ মিনিটে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সমাবেশের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য দেন। 

সরেজমিনে দেখা যায়, সকাল ১০টার মধ্যেই তারেক রহমানের জনসভা মঞ্চের ডান পাশে গুম ও শহীদ পরিবারের সদস্যদের জন্য আলাদাভাবে বসার ব্যবস্থা রাখা হয়েছে। যেখানে অবস্থান করছেন শহীদ ও গুমের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যরা। 

 

সকালের মধ্যেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় মাদরাসা মাঠ। সিলেটের বিভিন্ন অঞ্চল থেকে নেতাকর্মীরা দলে দলে মিছিল নিয়ে মাদরাসা মাঠে চলে আসেন।