গুম ও সাইবার আইন সংশোধন নিয়ে হুঁশিয়ারি নাসীরুদ্দীন পাটওয়ারীর

গুম ও সাইবার আইন সংশোধনে সংসদে সমাধান না হলে রাজপথে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় সংসদ ভবনের সামনে এনসিপি আয়োজিত মানববন্ধনে তিনি এ হুঁশিয়ারি দেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইনে স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত, ক্ষতিপূরণ এবং তদন্তকারী সংস্থার জবাবদিহির বিষয়গুলো যথাযথভাবে নিশ্চিত করা হয়নি।’
তার দাবি, নাগরিকের অধিকার রক্ষার নামে এমন আইন করা হয়েছে, যা উল্টো নাগরিকের অধিকার খর্ব করতে পারে।
প্রস্তাবিত সাইবার সিকিউরিটি আইন নিয়েও উদ্বেগ প্রকাশ করেন এনসিপির মুখ্য সমন্বয়ক। তার ভাষ্য, আধুনিক সময়ে সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে আইন প্রয়োজন হলেও আইন প্রয়োগকারী সংস্থার স্বচ্ছতা, নিরপেক্ষতা ও জবাবদিহি নিশ্চিত করা জরুরি।
এ সময় গুমের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য ক্ষতিপূরণ এবং স্বাধীন তদন্তের দাবি জানান এনসিপির এ নেতা।
র্যাব বিলুপ্ত করে নতুন নামে বাহিনী গঠনের বিষয়েও সরকারের সমালোচনা করেন তিনি। তার দাবি, র্যাবের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোর জন্য দায়ীদের আইনের আওতায় এনে ভুক্তভোগীদের ক্ষতিপূরণ দিতে হবে।
সম্প্রতি র্যাব বিলুপ্ত করে পুলিশের আওতাধীন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) গঠনের বিধান রেখে একটি বিল সংসদে উত্থাপিত হয়েছে।
নাসীরুদ্দীন পাটওয়ারী আরও বলেন, ‘পুরোনো কাঠামো নতুন নামে ফিরিয়ে আনার পরিবর্তে অতীতের অভিযোগগুলোর জবাবদিহি নিশ্চিত করা প্রয়োজন।’

