খামেনির মৃত্যুতে মামুনুল হকের সমবেদনা

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক।
বৃহস্পতিবার (৫ মার্চ) ঢাকার গুলশানে অবস্থিত ইরান দূতাবাসে গিয়ে আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানান মামুনুল হক। এ সময় তিনি দূতাবাসে সংরক্ষিত শোকবইয়ে স্বাক্ষর করেন।
এ সময় বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জালিল রাহিমি জাহান আবাদি উপস্থিত ছিলেন।
শোক প্রকাশের পর উভয় পক্ষ দোয়ায় অংশ নেন। এ সময় মামুনুল হক মুসলিম উম্মাহর শান্তি, স্থিতিশীলতা ও ঐক্য কামনা করেন।
ইরান বর্তমান পরিস্থিতি অতিক্রম করে দ্রুত স্থিতিশীলতা অর্জন করবে এবং দেশটির সার্বিক উন্নয়ন অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এ সময় বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষে উপস্থিত ছিলেন পররাষ্ট্র ও আন্তর্জাতিক বিষয়ক সচিব ফারিদ খান।
ইরান দূতাবাসের পক্ষে উপস্থিত ছিলেন কনস্যুলার ও ইকোনমিক অ্যাফেয়ার্স বিভাগের কর্মকর্তা মাহমুদ খসরভি।
উভয় পক্ষ পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে মুসলিম বিশ্বের শান্তি ও সহযোগিতা বৃদ্ধির প্রত্যাশা ব্যক্ত করেন।