ছাত্রদের গড়ে তোলাই শিক্ষকের প্রধান দায়িত্ব: মামুনুল হক

সদিচ্ছা ও আন্তরিকতার সঙ্গে ছাত্রদের গড়ে তোলাই একজন প্রকৃত শিক্ষকের প্রধান দায়িত্ব বলে জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।
বৃহস্পতিবার (২ এপ্রিল) রাজধানীর জামিয়াতুত তারবিয়াহ আল ইসলামিয়ায় দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণে এ কথা জানান তিনি।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মামুনুল হক বলেন, ছাত্রদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার কারিগর শিক্ষকরা। তাদের জীবন ও চরিত্র গঠন শিক্ষকদের হাতে গচ্ছিত একটি পবিত্র আমানত।
শিক্ষকতা মহান আমানত উল্লেখ করে তিনি বলেন, বর্তমান সময়ের চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষকদের নিয়মিত দক্ষতা উন্নয়ন ও সদিচ্ছার কোনো বিকল্প নেই।
কর্মশালায় বিশেষ আলোচক ছিলেন জামিয়া রাহমানিয়া আরাবিয়ার শিক্ষাসচিব ও জামিয়াতুত তারবিয়াহর শিক্ষা উপদেষ্টা মুফতি আশরাফুজ্জামান, মারকাযুল লুগাহ আল আরাবিয়াহর পরিচালক মহিউদ্দীন ফারুকী।
তারা পাঠদান পদ্ধতি ও ছাত্র গঠন প্রক্রিয়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। একইসঙ্গে শ্রেণিকক্ষে পাঠদানের আধুনিক কৌশল, একাডেমিক শৃঙ্খলা বজায় রাখা এবং ছাত্রদের ভাষা দক্ষতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ দেন তারা।