দেশ এখনও খালেদা জিয়ার অবদান ভোগ করছে: ডা. রফিক

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সরকারের অবদান দেশ এখনও ভোগ করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. মো. রফিকূল ইসলাম।
শনিবার (১৫ আগস্ট) বাদ জোহর রাজধানীর আজিমপুরের হজরত ইবনে মাসউদ (রা.) হাফিজিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিংয়ে খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে এ মন্তব্য করেন তিনি। জাতীয়তাবাদী চিকিৎসকদের উদ্যোগে এর আয়োজন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে রফিকূল ইসলাম বলেন, বেগম জিয়ার গৃহীত যুগান্তকারী পদক্ষেপের ফলে নারী শিক্ষা ও স্বাস্থ্যসহ দেশের প্রতিটি গুরুত্বপূর্ণ খাতে যে বিপুল অগ্রগতি অর্জিত হয়েছিল, তার সুফল জাতি এখনও ভোগ করছে। বাংলাদেশে যত দিন গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকবে, তত দিন খালেদা জিয়ার নাম শ্রদ্ধা ও মর্যাদার সঙ্গে উচ্চারিত হবে।
গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া তার সমগ্র জীবন দেশের মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য উৎসর্গ করেছেন জানিয়ে তিনি বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারে তার আপসহীন মনোভাবই বাংলাদেশে বৈষম্যবিরোধী ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের মজবুত প্রেক্ষাপট তৈরি করেছিল।
মিলাদ মাহফিলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, মরহুম আরাফাত রহমান কোকো এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার পরিবারের সদস্যদের সার্বিক সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এতে উপস্থিত ছিলেন ডা. মাহমুদুর রহমান নোমান, ডা. জাহিদুল কবির, ডা. আহমেদ সামি আল হাসান, ডা. জাহাঙ্গীর হোসেন, ডা. মির্জা আসাদুজ্জামান রতন প্রমুখ।



