শহীদ মিনারে প্রথমবার শ্রদ্ধা, জামায়াত আমিরের ব্যাখ্যা

অমর একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে শহীদ মিনারে ভাষাশহীদদের প্রতি প্রথমবারের মতো শ্রদ্ধা জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা জামায়াত আমির ডা. শফিকুর রহমান।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টা ১ মিনিটের দিকে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে পৌঁছান জামায়াত আমিরের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের সদস্যরা। এরপর ১২টা ১০ মিনিটে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি।
তবে এর আগে জামায়াতে ইসলামী দলের কাউকে কখনও ভাষাশহীদদের স্মরণে শহীদ মিনারে ফুল দিয়ে শুভেচ্ছা জানাতে দেখা যায়নি। বিষয়টি নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে এক সাংবাদিক প্রশ্ন রাখেন জামায়াতে ইসলামীর আমিরের উদ্দেশে। তিনি জানতে চান, এবার কেন সেই রীতি ভেঙে পুস্পস্তবক অর্পণ করলেন?
জবাবে জামায়াত আমির বলেন, ‘এবার আমার এখানে আসা রাষ্ট্রীয় আচার হিসেবে। সংসদের বিরোধীদলীয় নেতা হিসেবে শহীদ মিনারে আসা আমার দায়িত্ব, আমাকে আমার সঙ্গীদের নিয়ে আসতে হবে, তাই আমি এসেছি।’
তিনি বলেন, ‘আমরা ৪৭-এর শহীদের স্মরণ করি, ৫২-এর শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করি এবং ১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণ করি। নব্বইয়ের গণ-অভ্যুত্থানের শহীদের স্মরণ করি। এরপর ফ্যাসিবাদীদের হাতে যারা শহীদ হয়েছেন, তাদের স্মরণ করি। সাড়ে ১৫ বছর ফ্যাসিস্ট আমলে যারা শহীদ হয়েছেন, তাদের সবাইকে আমরা শ্রদ্ধাভরে স্মরণ করি।’
সংসদে বিরোধীদলীয় নেতা বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানে ন্যায়ের অধিকারে লড়াই করতে গিয়ে যারা শহীদ হয়েছেন তাদের সবাইকে আমরা শ্রদ্ধাভরে স্মরণ করি। শেষ পর্যন্ত শহীদ ওসমান হাদিকে আমরা স্মরণ করি।’
শহীদদের প্রত্যাশা পূরণ হয়নি মন্তব্য করে জামায়াত আমির বলেন, ‘তাদের সেই প্রত্যাশা পূরণে, ফ্যাসিবাদমুক্ত, দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত এবং চাঁদাবাজমুক্ত জাতি গড়তে আমাদের লড়াই অব্যাহত থাকবে।’