ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’ প্রধানের সঙ্গে গোপন বৈঠক ষড়যন্ত্রের আলামত: যুব জাগপা

ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’-এর প্রধানের বাংলাদেশে অবস্থান এবং তার সঙ্গে কোনো কােনাে মহলের ‘গোপন বৈঠক’ ষড়যন্ত্রের আলামত বলে মন্তব্য করেছেন যুব জাগপার সভাপতি নজরুল ইসলাম বাবলু।
তিনি প্রশ্ন তুলে বলেন, ‘ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’-এর প্রধান পরাগ জৈন প্রতিনিধিদল নিয়ে বাংলাদেশে কী উদ্দেশ্যে অবস্থান করছেন? কারা এই সফরের আয়োজনকারী? কার সঙ্গে তার গোপন বৈঠক হচ্ছে, তা দেশপ্রেমিক জনগণ জানতে চায়।’
সোমবার (১০ আগস্ট) বিকেল ৬টায় বিজয়নগর, পল্টন ও প্রেসক্লাব এলাকায় যুব জাগপা আয়োজিত এক বিক্ষোভ মিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।
‘ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’-এর প্রধান দেশে কেন? দেশবিরোধী ষড়যন্ত্র বন্ধ করো’ শ্লোগানসহকারে এ বিক্ষোভ মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
বিএনপিকে সতর্ক করে বাবলু বলেন, ‘হাসিনামার্কা দেশ বিক্রির ষড়যন্ত্র করবেন না। ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’-এর সঙ্গে দেশের মাটিতে গোপন বৈঠক নতুন কোনো ষড়যন্ত্রেরই আলামত।’
যুব জাগপা সভাপতি বলেন, ‘ভারত খুনি হাসিনার মসনদ হারিয়ে এখন আওয়ামী লীগের জায়গায় বিএনপিকে ব্যবহার করতে চাইছে। একদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে বৈঠক করছেন, অন্যদিকে ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’-এর প্রধান আমাদের দেশের মাটিতে গোপন বৈঠক করছেন। কথাবার্তা পরিষ্কার, মুচলেকার রাজনীতি চলবে না। বাংলাদেশকে আমরা ভারতের করদ রাজ্য হতে দেব না।’
বিক্ষোভ মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে আরও বক্তব্য রাখেন জাগপা প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, সহপ্রচার সম্পাদক সাইফ উদ্দিন, ঢাকা মহানগর জাগপা সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ, যুব জাগপা সাংগঠনিক সম্পাদক এস এম ওলিউল আনোয়ার, যুগ্ম সাধারণ সম্পাদক আবু নাছের, আশিকুর রহমান, কাউছার আহমেদ, জাগপা ছাত্রকাফেলার ঢাকা মহানগর সাধারণ সম্পাদক ইমরান হাসান রাহুল।
.png)

