তারেক রহমানের সঙ্গে তুরস্কের পর্যবেক্ষক দলের সৌজন্য সাক্ষাৎ

রাত পোহালেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচন পর্যবেক্ষণ উপলক্ষে বাংলাদেশ সফরে রয়েছেন তুরস্কের সংসদ সদস্যদের একটি প্রতিনিধিদল। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে গুলশান কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন তারা।
বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত পৌনে ৮টায় তুরস্কের প্রতিনিধিদল বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে যান। এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
সাক্ষাৎকালে জাতীয় সংসদ নির্বাচন, নির্বাচন পর্যবেক্ষণ প্রক্রিয়া ও সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে পারস্পরিক মতবিনিময় হয়েছে বলে জানা গেছে। বৈঠকে তুরস্কের প্রতিনিধিদল বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া ও নির্বাচন ব্যবস্থার বিভিন্ন দিক সম্পর্কে আগ্রহ প্রকাশ করেন।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ড. এনামুল হক চৌধুরী।