ভারতের সঙ্গে চুক্তি নিয়ে জামায়াত নেতার বক্তব্যে বিএনপির প্রতিবাদ

‘ভারতের সঙ্গে বিএনপি চুক্তি করেছে’ জামায়াতের শীর্ষ নেতার এমন বক্তব্যকে চরম মিথ্যাচার বলে জানিয়েছেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহদী আমিন।
রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কার্যালয়ে শনিবার (২৪ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
ড. মাহদী আমিন বলেন, ভারতের সঙ্গে বিএনপির চুক্তির অভিযোগের কোনো ভিত্তি নেই। এটা সম্পূর্ণ অপপ্রচার। বিএনপি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার রাজনীতি করে।
তিনি বলেন, একটি রাজনৈতিক দলের (জামায়াত) প্রভাবশালী নেতা ভারতের সঙ্গে চুক্তির বিষয়ে কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেননি এবং পারবেনও না। কারণ সেটির ন্যূনতম কোনো বাস্তবতা বা সত্যতা নেই।
বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা বলেন, বিতর্ক তৈরি করার জন্য এটি রাজনৈতিক অপকৌশল। কোনো অপপ্রচার, অপরাজনীতি হওয়া উচিত না। তারেক রহমানের রাজনীতি ‘সবার আগে বাংলাদেশ’।
এর আগে, আনন্দবাজার পত্রিকার বরাতে বৃহস্পতিবার কুমিল্লায় এক নির্বাচনি সমাবেশে জামায়াতের নায়েবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, জামায়াতের নেতৃত্বাধীন জোটের প্রতিদ্বন্দ্বী দলের প্রধান (তারেক রহমান) ভারতের সঙ্গে তিনটি শর্তে চুক্তি করেছেন।
সেগুলো হলো- ফ্যাসিবাদের সঙ্গে যুক্ত ছিল যারা, তাদের পুনর্বাসন করতে হবে। বাংলাদেশের আত্মরক্ষার জন্য অস্ত্র কিনতে হলে ভারতের অনুমতি নিতে হবে এবং বাংলাদেশের ইসলামপন্থি দলগুলোকে দমন করতে হবে।
আনন্দবাজার পত্রিকার এই খবরের প্রতিবাদ বিএনপি করেনি বলেও জানান জামায়াতের এই নেতা।