logo

রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালির আত্মপরিচয়ের প্রধান ভিত্তি: জি এম কাদের

রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালির আত্মপরিচয়ের প্রধান ভিত্তি: জি এম কাদের
জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। ছবি: সংগৃহীত

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালির চিন্তা, সংস্কৃতি ও আত্মপরিচয়ের অন্যতম প্রধান ভিত্তি বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের। শুক্রবার (৮ মে) কবিগুরুর জন্মবার্ষিকী উপলক্ষে দেওয়া বিজ্ঞপ্তিতে এই মন্তব্য করেন তিনি।

জি এম কাদের বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর শুধু বাংলা ভাষা ও সাহিত্যের নন, তিনি বাঙালির চিন্তা, সংস্কৃতি ও আত্মপরিচয়ের অন্যতম প্রধান ভিত্তি। তার সাহিত্য, সংগীত ও দর্শন আজও সমাজকে মানবিকতা, সহনশীলতা ও মুক্তচিন্তার পথ দেখায়।

তিনি বলেন, বর্তমান সময়ে সামাজিক বিভাজন ও অসহিষ্ণুতার বিপরীতে রবীন্দ্রনাথের চিন্তা আরও অনেক বেশি প্রাসঙ্গিক। নতুন প্রজন্মের মাধ্যে রবীন্দ্রচর্চা করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সাংস্কৃতিক সংগঠনগুলোর আরও সক্রিয় ভূমিকা প্রয়োজন।

সংস্কৃতিমনা, মানবিক ও গণতান্ত্রিক সমাজ গঠনে রবীন্দ্রনাথের চর্চা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে তিনি উল্লেখ করেন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে জি এম কাদের গভীর শ্রদ্ধার সঙ্গে তাকে স্মরণ করেন।

উল্লেখ্য, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আজ শুক্রবার ১৬৫তম জন্মবার্ষিকী। প্রতিবছর ২৫ বৈশাখে রবীন্দ্রপ্রেমী বাঙালিরা এ দিনটি উদযাপন করে থাকেন। ১৯১৩ সালে ‘গীতাঞ্জলি’ কাব্যগ্রন্থের জন্য নোবেল পুরস্কার অর্জনের মাধ্যমে রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা ভাষা ও সাহিত্যকে বিশ্বমঞ্চে মর্যাদার আসনে বসিয়েছিলেন।