logo

সামান্তার পদত্যাগে মাহফুজ ও জারার ফেসবুক পোস্ট

সামান্তার পদত্যাগে মাহফুজ ও জারার ফেসবুক পোস্ট
বাঁ থেকে সামান্তা শারমিন, ডা. তাসনিম জারা ও মাহফুজ আলম। ছবি: এশিয়া পোস্ট কোলাজ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পুনর্গঠিত কমিটি ঘোষণার পনেরো দিন না যেতেই দল থেকে পদত্যাগ করেছেন যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। তার পদত্যাগ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেককে প্রতিক্রিয়া জানাতে দেখা গেছে। প্রতিক্রিয়া জানিয়েছেন সাবেক অন্তবর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম এবং দলের সাবেক নেত্রী ডা. তাসনিম জারা।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা দেন সামান্তা শারমিন। দলের ভেতরে নারীবিরোধী রক্ষণশীল রাজনৈতিক প্রবণতা, গণতান্ত্রিক চর্চার অভাব এবং কাউন্সিল ছাড়াই পুনরায় আহ্বায়ক কমিটি গঠনকে পদত্যাগের কারণ হিসেবে উল্লেখ করেন তিনি।

এনসিপি গঠনের পর প্রথম কমিটিতে জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ছিলেন তাসনিম জারা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলটির সঙ্গে জামায়াতে ইসলামীর সংশ্লিষ্টতা মেনে নিতে না পেরে পদত্যাগ করেছিলেন তিনি।

এদিকে এনসিপির আগের সংগঠন জাতীয় নাগরিক কমিটির সঙ্গে যুক্ত ছিলেন মাহফুজ আলম। পরে সেখান থেকে বেরিয়ে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘অল্টারনেটিভ’ গঠন করেন মাহফুজ।

রাজনীতিতে সামান্তা শারমিনের জায়গা আরও বড় হওয়ার দরকার উল্লেখ করে বৃহস্পতিবার ফেসবুকে পোস্ট করেন তাসনিম জারা। তিনি লিখেছেন, ‘রাজনীতিতে কথা বলতে আসা মানুষের অভাব নেই। শুনতে আসা মানুষ খুব কম। সামান্তা আপাকে খুব কাছ থেকে দেখেছি। তিনি সেই অল্প মানুষদের একজন। অক্লান্ত পরিশ্রম করেন, তবু কেউ কথা বলতে এলে থামেন, পুরোটা শোনেন, মানুষটাকে কখনো বুঝতে দেন না যে তার তাড়া আছে।’

তিনি লেখেন, ‘তিনি মানুষের কাছে যান তাদের জীবনটা বুঝতে, তাদের পাশে দাঁড়াতে।’

সামান্তার রাজনৈতিক জার্নি এখনো অনেক বাকি উল্লেখ করে তাসনিম জারা লেখেন, ‘এমন মানুষের জায়গা আমাদের রাজনীতিতে আরও বড় হওয়া দরকার।’

সামান্তা শারমিনের পদত্যাগের কারণে এনসিপির সমালোচনা করে মাহফুজ আলম আজ শুক্রবার ফেসবুকে দেওয়া পোস্টে লিখেছেন, ‘৬ সদস্যের বৈষম্যবিরোধী লিয়াজোঁ কমিটি থেকে চার শতাধিক কমিটির জাতীয় নাগরিক কমিটিতে উত্তরণ ও বিস্তারে যাদের মুখ্য অবদান আছে, তাদের নিয়ে নোংরামি এবং অপপ্রচার একটা বাজে নজির। আগেও হয়েছে অনেক। দল গঠনের দিন থেকে এ নজির সে দলের তৎকালীন নেতৃত্বই স্থাপন করেছিলেন। গতকালও সামান্তা শারমিন আপাকে নিয়ে একই কাণ্ড হলো।’

লিয়াজোঁ কমিটি ও নাগরিক কমিটিতে মুখ্য ভূমিকা রাখা লোকজন না থাকলে একটি দল এত দ্রুত গঠিত হতো না বলে জানান তিনি।

যারা ভিত গড়ে দিয়ে জোটের কারণে চলে গেছেন, তাদের প্রতি কৃতজ্ঞ থাকার আহ্বান জানান মাহফুজ আলম। তিনি লেখেন, ‘তারা দিনরাত পরিশ্রম করেছেন বলেই দলটাকে আপনারা একটা শেইপে পেয়েছিলেন। আর কৃতজ্ঞতা না দেখাতে পারলে রাজনৈতিক সহাবস্থান ও ভালো চর্চার খাতিরে নীরব থাকুন।’

রায়হান রাশেদ

সম্পাদনা

রায়হান রাশেদ

সহ-সম্পাদক | এশিয়া পোস্ট