আজ সিরাজগঞ্জ ও টাঙ্গাইলে যাচ্ছেন তারেক রহমান

নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে দীর্ঘ বিরতির পর শনিবার (৩১ জানুয়ারি) টাঙ্গাইল ও সিরাজগঞ্জ সফরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রাজশাহী ও রংপুর বিভাগে কয়েক দিনের ব্যস্ত সফর শেষ করে ঢাকা ফেরার পথে তিনি এই দুই জেলায় পৃথক দুটি বিশাল নির্বাচনি জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন।
সিরাজগঞ্জ জেলা বিএনপির দেওয়া তথ্য অনুযায়ী, দুপুরে বগুড়া থেকে সড়কপথে ঢাকা ফেরার পথে সিরাজগঞ্জ সদর উপজেলার পাইকপাড়া এলাকায় বিসিক শিল্পপার্ক মাঠে প্রথম জনসভায় যোগ দেবেন তারেক রহমান। এই জনসভায় তিনি সিরাজগঞ্জের ৬টি সংসদীয় আসনে বিএনপি মনোনীত ‘ধানের শীষ’ প্রতীকের প্রার্থীদের আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেবেন।
স্থানীয় বিএনপি নেতাকর্মীরা জানান, তারেক রহমানের আগমনকে ঘিরে সিরাজগঞ্জে এখন সাজ সাজ রব বিরাজ করছে। জনসভাস্থল ইতোমধ্যেই প্রস্তুত করা হয়েছে এবং সেখানে বিশাল গণজমায়েতের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে দলটি।
উল্লেখ্য, দীর্ঘ প্রায় ২০ বছর পর সিরাজগঞ্জ জেলায় সফরে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ২০০৬ সালের ২৪ ডিসেম্বর তারেক রহমান সর্বশেষ সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল ধোপাকান্দি বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠের জনসভায় উপস্থিত হয়েছিলেন।
এদিকে সিরাজগঞ্জের জনসভা শেষ করে বিএনপি চেয়ারম্যানের পরবর্তী গন্তব্য টাঙ্গাইল জেলা। সেখানে বিকেল ৪টায় যমুনা সেতু-টাঙ্গাইল-ঢাকা মহাসড়কের দরুন-চরজানা বাইপাস সংলগ্ন বিশাল খোলা মাঠে তিনি দ্বিতীয় জনসভায় বক্তব্য রাখবেন।
টাঙ্গাইল জেলা বিএনপির দেওয়া তথ্য অনুযায়ী, দীর্ঘ ২১ বছর পর তারেক রহমান টাঙ্গাইলে জনসভায় অংশ নিতে যাচ্ছেন, যা নেতাকর্মীদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। টাঙ্গাইল জেলায় এটিই হবে তার প্রথম কোনো আনুষ্ঠানিক রাজনৈতিক জনসভা। এর আগে ২০০৪ সালে তিনি সাংগঠনিক সফরে টাঙ্গাইলে এলেও রাজনৈতিক সমাবেশ হিসেবে আজকের দিনটি এক মাইলফলক হতে যাচ্ছে।
তারেক রহমানের আগমন উপলক্ষে টাঙ্গাইল জেলা বিএনপি ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। দলের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ আসনের প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু পুরো আয়োজনের তদারকি করছেন। জনসভাস্থলে কয়েকশ মাইক এবং বড় মঞ্চ তৈরির পাশাপাশি নেতাকর্মীদের জন্য বিশেষ দিকনির্দেশনা দেওয়া হয়েছে।
এছাড়া সমাবেশস্থলে বড় পর্দায় ভাষণ প্রচারের ব্যবস্থাও রাখা হয়েছে। বিএনপি নেতাকর্মীদের আশা, এই জনসভার মাধ্যমে টাঙ্গাইলের ৮টি আসনের নির্বাচনি সমীকরণে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আসবে।
সফরসূচি অনুযায়ী, টাঙ্গাইলের জনসভা শেষে সন্ধ্যায় তিনি ঢাকার উদ্দেশে রওনা হবেন।