logo

‘ভাইয়া’ ডাকলেই ভালো লাগবে : তারেক রহমান

‘ভাইয়া’ ডাকলেই ভালো লাগবে : তারেক রহমান

নির্বাচনী প্রচারের অংশ হিসেবে চট্টগ্রামে তরুণদের সঙ্গে মতবিনিময় করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। অনুষ্ঠানে তিনি তাকে ‘স্যার’ নয়, ‘ভাইয়া’ বলে সম্বোধনের অনুরোধ জানান।

রোববার (২৫ জানুয়ারি) সকালে চট্টগ্রামের র‌্যাডিসন ব্লু বে ভিউ হোটেলের মেজবান হলে ‘ইয়ুথ পলিসি টক উইথ তারেক রহমান’ অনুষ্ঠিত হয়। 

প্রশ্নোত্তর পর্বে এক তরুণী তাকে ‘স্যার’ সম্বোধন করে প্রশ্ন করতে গেলে তারেক রহমান তাৎক্ষণিকভাবে থামিয়ে বলেন, প্রশ্ন করার সময় চাইলে তাকে ‘ভাইয়া’ বলা যেতে পারে। বয়সের হিসেবে ‘আঙ্কেল’ বললেও আপত্তি নেই বলেও জানান তিনি, তবে ‘ভাইয়া’ সম্বোধনই তার কাছে বেশি গ্রহণযোগ্য বলে উল্লেখ করেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তারেক রহমান বলেন, বর্তমানে দেশের সবচেয়ে বড় শক্তি তরুণ জনগোষ্ঠী, যা আগামী ১৫–২০ বছর বাংলাদেশের জন্য বড় সুযোগ তৈরি করবে। এই জনশক্তিকে কীভাবে কাজে লাগানো যায় এবং ভবিষ্যতের বাংলাদেশ কেমন হওয়া উচিত—সে বিষয়ে তরুণদের মতামত শুনতে চান তিনি। শুধু সমস্যা তুলে ধরা নয়, সমাধানমুখী চিন্তার ওপর গুরুত্ব দেন বিএনপির চেয়ারম্যান।

তরুণ উদ্যোক্তাদের ঋণসংক্রান্ত জটিলতা প্রসঙ্গে তিনি বলেন, দেশের ব্যাংকঋণ ব্যবস্থায় নানা প্রতিবন্ধকতা রয়েছে। বিএনপি ক্ষমতায় এলে আইন সংশোধনের মাধ্যমে ক্ষুদ্র ও নতুন উদ্যোক্তাদের জন্য ঋণপ্রাপ্তি সহজ করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি উচ্চশিক্ষার জন্য বিদেশে যেতে আগ্রহী শিক্ষার্থীদের জন্য স্টুডেন্ট লোন চালুর বিষয়টিও বিবেচনায় রয়েছে বলে জানান তিনি।

আলোচনায় চট্টগ্রাম মা ও শিশু মেডিকেল কলেজের এক শিক্ষার্থী নগরীর জলাবদ্ধতা, উন্নয়ন ও পরিবেশ সুরক্ষার সমন্বয় এবং দূষণ নিয়ন্ত্রণে দলের অবস্থান জানতে চান। জবাবে তারেক রহমান বলেন, ঢাকা ও চট্টগ্রামসহ দেশের বড় শহরগুলোর জলাবদ্ধতা নিরসনে খাল খননের বিকল্প নেই। বৃষ্টির পানি নিষ্কাশনে সারাদেশে প্রায় ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনার কথা উল্লেখ করেন তিনি।

এই ইয়ুথ পলিসি টকে চট্টগ্রাম ও আশপাশের ৫০টি বিশ্ববিদ্যালয় ও কলেজের ৩৪০ জনের বেশি শিক্ষার্থী অংশ নেন।

দীর্ঘ প্রায় দুই দশক পর চট্টগ্রাম সফরে আসা তারেক রহমান নগরীর পলোগ্রাউন্ড মাঠে নির্বাচনী সমাবেশে যোগ দেওয়ার কথা রয়েছে। এ উপলক্ষে ভোর থেকেই সেখানে নেতাকর্মী ও সমর্থকদের ঢল নামে। চট্টগ্রাম সমাবেশ শেষে তিনি ফেনী, কুমিল্লা, সোনাগাজী, দাউদকান্দি ও কাঁচপুরে পৃথক নির্বাচনী সভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে।