শিশুদের হাম প্রতিরোধে সরকারকে কার্যকর ব্যবস্থা নিতে হবে

শিশুদের হাম প্রতিরোধে সরকারকে আরও দ্রুত ও কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান।
বুধবার (১ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ আহ্বান জানান তিনি।
বিবৃতিতে গাজী আতাউর রহমান উদ্বেগ প্রকাশ করে বলেন, সারা দেশে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়েই চলছে। সরকারি হিসাবেই রাজশাহীতে অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। হামের মতো প্রতিরোধযোগ্য একটি রোগ নতুন করে শিশুদের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ানো রাষ্ট্র হিসেবে আমাদের ব্যর্থতার লক্ষণ।
তিনি বলেন, হামের প্রাদুর্ভাব রোধে টিকার পাশাপাশি এর মধ্যেই আক্রান্ত শিশুদের চিকিৎসার পর্যাপ্ত ব্যবস্থা জরুরি। কিন্তু হাম যেভাবে দ্রুত ছড়িয়ে পড়ছে, তাতে চিকিৎসা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। সরকারকে বলব, দ্রুত ও কার্যকর ব্যবস্থা নিন। আর কোনো শিশুর মৃত্যু আমরা দেখতে চাই না।
বিবৃতিতে জ্বালানি সংকটেও সরকারকে দ্রুত ও কার্যকর ব্যবস্থার নেওয়ার আহ্বান জানিয়েছেন গাজী আতাউর রহমান।
ইসলামী আন্দোলনের মুখপাত্র বলেন, সরকারের মন্ত্রীর কথা শুনলে মনে হয় জ্বালানি নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। কিন্তু পাম্পগুলোতে দীর্ঘ সারি তৈরি হচ্ছে। জ্বালানির অভাবে উপকূলের জেলেরা নদীতে মাছ ধরতে যেতে পারছে না। খুলনা, বরগুনা, শরীয়তপুরসহ উপকূলে হাজার হাজার জেলে পরিবার পথে বসতে চলেছে।
তিনি বলেন, আমরা জানি এটা বৈশ্বিক সংকট। কিন্তু এই সংকট যখন মানুষের রুটি-রুজির ওপরে আঘাত করে, তখন সরকারের উচিত দ্রুত পদক্ষেপ নেওয়া।
উপকূলের জেলেদের জন্য বিশেষ ব্যবস্থাপনায় জ্বালানির ব্যবস্থা করতে বলেন আতাউর রহমান। তিনি বলেন, সামনেই নিষেধাজ্ঞার মৌসুম চলে আসছে। এই সময়ে নদীতে বা সাগরে যেতে না পারলে তাদের আর্থিক সংকট তীব্র হবে।