logo
Advertisement

গুমের সংস্কৃতি বন্ধ হয়নি, দুর্বল আইন করছে সরকার: নাহিদ ইসলাম

এশিয়া পোস্ট প্রতিবেদক
গুমের সংস্কৃতি বন্ধ হয়নি, দুর্বল আইন করছে সরকার: নাহিদ ইসলাম
১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নেতারা। ছবি : এশিয়া পোস্ট

গুম প্রতিরোধ ও প্রতিকার আইন নিয়ে সরকারের উদ্যোগের বিরোধিতা করে সংসদ অভিমুখে পদযাত্রার ঘোষণা দিয়েছে ১১ দলীয় ঐক্য। বিরোধী দলগুলোর অভিযোগ, তাদের মতামত উপেক্ষা করে সরকার এমন একটি আইন পাসের উদ্যোগ নিয়েছে, যা গুম ও মানবাধিকার ইস্যুতে কার্যকর জবাবদিহি নিশ্চিত করবে না।

Advertisement

বুধবার (২৬ আগস্ট) রাতে মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার বাসভবনে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের বৈঠক শেষে এ কর্মসূচির কথা জানান জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি হামিদুর রহমান আযাদ।

তিনি বলেন, গুম প্রতিরোধ ও প্রতিকার আইনসহ গুরুত্বপূর্ণ কয়েকটি আইন সংসদের তৃতীয় অধিবেশনে পাসের উদ্যোগ নিয়েছে সরকার। এসব আইন নিয়ে বিরোধী দলের মতামতকে গুরুত্ব দেওয়া হয়নি। সরকারের ইচ্ছেমতো আইন পাসের উদ্যোগের প্রতিবাদেই সংসদ অভিমুখে পদযাত্রা করা হবে।

বৈঠকে গুম ও মানবাধিকার ইস্যুতে সরকারের অবস্থান নিয়েও প্রশ্ন তোলেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি অভিযোগ করে বন, সরকার ২০০৯ সালের চেয়েও দুর্বল আইন প্রণয়নের পথে হাঁটছে। গুমের সংখ্যা কমলেও দেশে গুমের সংস্কৃতি পুরোপুরি বন্ধ হয়নি বলেও মন্তব্য করেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, গুম ও মানবাধিকার নিয়ে সরকারের জবাবদিহি নিশ্চিত করার পরিবর্তে সরকার উল্টো পথে হাঁটছে। এ ধরনের আইন হলে গুমের ঘটনায় কার্যকর প্রতিকার ও জবাবদিহি নিশ্চিত করা কঠিন হবে।

এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ যেসব মন্ত্রীর দ্বৈত নাগরিকত্ব রয়েছে, তাদের বিষয়টি জাতির সামনে স্পষ্ট করার দাবি জানান তিনি।

সরকারের কয়েকজন মন্ত্রীর গণমাধ্যমের প্রতি বক্তব্য নিয়েও সমালোচনা করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, গণমাধ্যমকে হুমকি দিয়ে কথা বলা গণতন্ত্রের জন্য অশনিসংকেত।

১১ দলীয় ঐক্যের বৈঠকে গুম ও মানবাধিকার কমিশনসহ গুরুত্বপূর্ণ আইন, সংসদে বিরোধী দলের অবস্থান এবং ঘোষিত লংমার্চ কর্মসূচি নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে সরকারকে বিরোধী দলের মতামত বিবেচনায় নিয়ে আইন প্রণয়নের আহ্বান জানানো হয়।