logo

বাংলাদেশের প্রেক্ষাপটে গৌতম বুদ্ধের শিক্ষা অত্যন্ত প্রাসঙ্গিক: জি এম কাদের

বাংলাদেশের প্রেক্ষাপটে গৌতম বুদ্ধের শিক্ষা অত্যন্ত প্রাসঙ্গিক: জি এম কাদের

পবিত্র বুদ্ধপূর্ণিমা উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের সব বৌদ্ধ ধর্মাবলম্বীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।

শুক্রবার (১ মে) গৌতম বুদ্ধের মানবমুক্তি ও কর্মচর্চার কথা উল্লেখ করে এক বাণীতে এসব কথা বলেন জাতীয় পার্টির চেয়ারম্যান।

পবিত্র এই দিনের তাৎপর্য তুলে ধরে জি এম কাদের বলেন, গৌতম বুদ্ধের শুভ জন্ম, বোধিলাভ ও মহাপরিনির্বাণের এই দিন মানবজাতির জন্য এক অনন্য তাৎপর্য বহন করে। তার প্রচারিত অহিংসা, মৈত্রী, সহনশীলতা ও করুণার বাণী কেবল একটি ধর্মের গণ্ডিতে সীমাবদ্ধ নয়, বরং তা মানবমুক্তির এক চিরন্তন দিকনির্দেশনা।

শুভেচ্ছাবার্তায় জি এম কাদের বলেন, বর্তমান বিশ্ব ও বাংলাদেশের প্রেক্ষাপটে গৌতম বুদ্ধের শিক্ষা অত্যন্ত প্রাসঙ্গিক। রাজনৈতিক মতপার্থক্য, ক্ষমতার দ্বন্দ্ব ও পারস্পরিক অসহিষ্ণুতা আমাদের সামাজিক সংহতিকে বাধাগ্রস্ত করছে।

ক্রোধ ও প্রতিহিংসা কখনো স্থায়ী সমাধান এনে দিতে পারে না বরং তা সমাজে অশান্তি সৃষ্টি করে জানিয়ে তিনি বলেন, রাজনৈতিক অঙ্গনে পারস্পরিক বিদ্বেষ নয়, সংযম, সহনশীলতা ও সমঝোতার চর্চা জরুরি। অতীতমুখী বিরোধ নয়, বরং বর্তমানের জনদুর্ভোগ লাঘব এবং একটি সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে কাজ করা সময়ের দাবি।

তিনি আরও বলেন, উদারতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধই পারে একটি শক্তিশালী ও কার্যকর গণতান্ত্রিক সমাজ গড়ে তুলতে। সব রাজনৈতিক শক্তির মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ও সহযোগিতার মনোভাব দেশের সার্বিক উন্নয়নকে ত্বরান্বিত করবে।

পবিত্র বৌদ্ধ পূর্ণিমার এই তাৎপর্যপূর্ণ দিনে সব বিভেদ ও সংকীর্ণতা দূর করে দেশের মানুষ শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের পথে ঐক্যবদ্ধ হবে বলে আশা প্রকাশ করেন তিনি।