logo

অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরে যাচ্ছেন বিরোধীদলীয় নেতা

অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরে যাচ্ছেন বিরোধীদলীয় নেতা
ডা. শফিকুর রহমান। ছবি: জামায়াতের ফেসবুক পেজ থেকে নেওয়া

সাত দিনের সফরে শুক্রবার (২০ নভেম্বর) অস্ট্রেলিয়া ও মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। আগামী ২৬ নভেম্বর পর্যন্ত তিনি এই দুটি দেশ সফর করবেন।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দলের কেন্দ্রীয় প্রচার বিভাগের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

Advertisement

সফরকালে বিরোধীদলীয় নেতা অস্ট্রেলিয়া সরকারের উচ্চ পর্যায়ের ব্যক্তিবর্গের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। পাশাপাশি অস্ট্রেলিয়া ও মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত বিভিন্ন কর্মসূচিতেও অংশ নেবেন।

এই সফরে বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম আরমান এমপি, ডা. মোসলেহ উদ্দিন ফরিদ এমপি, এবং এপিএস মুহাম্মদ নজরুল ইসলাম সঙ্গী হিসেবে থাকবেন।

আগামীকাল ঢাকা ত্যাগের সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বিদায় জানাবেন দলের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুল এমপি এবং উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিনসহ কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ।

সফর শেষে আগামী ২৬ নভেম্বর বিরোধীদলীয় নেতার দেশে ফেরার কথা রয়েছে।