logo

দলগুলোর আগ্রাসী কর্মকাণ্ডে আমরা সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কিত: ইসলামী আন্দোলন

দলগুলোর আগ্রাসী কর্মকাণ্ডে আমরা সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কিত: ইসলামী আন্দোলন

রাজনৈতিক দলগুলোর আগ্রাসী কর্মকাণ্ডে ইসলামী আন্দোলন সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কিত বলে জানিয়েছেন দলটির যুগ্ম মহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান।

বুধবার (১১ ফেব্রুয়ারি) ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে ডাকা এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ সুষ্ঠু নির্বাচন কামনা করছে। এই ঐতিহাসিক নির্বাচন আগের থেকে ভালোভাবে চললেও বিরোধী দলগুলোর কর্মকাণ্ড আমাদের শঙ্কিত করে তুলছে। বরগুনার একাধিক আসন, বরিশাল, পিরোজপুর, লক্ষ্মীপুরসহ সারা দেশে জামায়াত ও বিএনপি কর্তৃক হাতপাখার নেতাকর্মীরা আহত হচ্ছে। এছাড়াও নানা জায়গায় হাতপাখার প্রার্থী নির্বাচন করছে না মর্মে ইসলামী আন্দোলন বাংলাদেশের নামে প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। সারা দেশে টাকা ছড়ানো হচ্ছে, যা সুষ্ঠু নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করছে।

মাওলানা গাজী আতাউর রহমান বলেন, নির্বাচনের আগমুহূর্তে কুচক্রিমহল নানা অপপ্রচার ছড়াচ্ছে। যারা এসব ছড়াচ্ছে তারা মিথ্যুক। যারা ভোট কেনার চেষ্টা করছে তারা প্রতারক, এদের আইনের আওতায় আনার আহ্বান করছি এবং দেশবাসীকে আশ্বস্ত করছি, কোনো অপপ্রচারে কান দেবেন না। ইসলামী আন্দোলন দেশ, জাতি ও ধর্মকে বিজয়ী করতে ২৫৮ আসনের সবগুলোতেই শেষ পর্যন্ত নির্বাচনি লড়াই চালিয়ে যাবে ইনশাআল্লাহ। আগামীকাল সকালে আপনারা জিকিরের সঙ্গে দলে দলে কেন্দ্রে আসুন এবং হাতপাখায় ভোট দিন।