সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্য দিয়েই সম্ভব জাতিগত মুক্তি: আসিফ মাহমুদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ‘আমাদের জাতিগত মুক্তি সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্য দিয়েই সম্ভব।’
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাতে রাজধানীর বাংলামোটরে এনসিপির ধর্ম ও সম্প্রীতি সেলের আয়োজিত রামু হামলার ১৪ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
সভায় ‘রামুর আগুন: কার রাজনীতি, কার ক্ষতি; ১৪ বছরের দায় এবং সাম্প্রদায়িক সম্প্রীতির ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়।
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির সুযোগ নিয়ে সাম্প্রদায়িক সহিংসতা ঘটানোর চেষ্টা হতে পারে। সামনে দুর্গাপূজাকে কেন্দ্র করে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে না ঘটে, সে জন্য সরকারকে আগাম যথাযথ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাই।’
রামুর ঘটনার ১৪ বছর পরও বিচার নিশ্চিত না হওয়ায় হতাশা প্রকাশ করে তিনি বলেন, ‘রাষ্ট্রের ব্যর্থতার কারণে এ ধরনের ঘটনা ঘটানো ব্যক্তিরা বারবার সাহস পায়। বিভিন্ন সাম্প্রদায়িক সহিংসতার পেছনে জমি দখল, প্রভাব-প্রতিপত্তি কিংবা গুজবের মতো ভিন্ন ভিন্ন কারণ থাকতে পারে।’
সাম্প্রদায়িক সহিংসতার পুনরাবৃত্তি ঠেকাতে দ্রুত বিচার নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন আসিফ মাহমুদ। তিনি বলেন, ‘রাষ্ট্রের শত্রুরা দেশের মানুষের মধ্যে বিভেদ ও সংঘাত তৈরি করে রাষ্ট্রকে ব্যর্থ প্রমাণের চেষ্টা করতে পারে। এ ক্ষেত্রে সবাইকে ধৈর্য ধরার পাশাপাশি আইনের শাসনের প্রতি আস্থা রাখতে হবে।’
ঢাকা থেকে তৃণমূল পর্যায় পর্যন্ত সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘জাতিগত মুক্তি সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্য দিয়েই সম্ভব।’