logo

অতীতে বিএনপি-জামায়াতের মাধ্যমে প্রত্যাশা পূরণ হয়নি : রেজাউল করীম

অতীতে বিএনপি-জামায়াতের মাধ্যমে প্রত্যাশা পূরণ হয়নি : রেজাউল করীম

অতীতে বিএনপি ও জামায়াত সরকার পরিচালনা করেছে, কিন্তু তাদের মাধ্যমে মানুষের চাওয়া-পাওয়া পূরণ হয়নি বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। তিনি বলেন, তারা দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। আল্লাহর রহমতে জনগণ যদি আমাদের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেয়, তাহলে দুর্নীতির মূলোৎপাটন করা হবে ইনশাআল্লাহ। জনপ্রত্যাশার বাংলাদেশ গড়ে তুলব ইনশাআল্লাহ।

রোববার (২৫ জানুয়ারি) ময়মনসিংহ শহরের কৃষ্ণচূড়া চত্বরে অনুষ্ঠিত নির্বাচনি জনসভায় এসব কথা বলেন তিনি। 

মুহাম্মাদ রেজাউল করীম বলেন, আমি আপনাদের কাছে হাতপাখার ভোট চাইতে এসেছি। অনেক আশা নিয়ে ইসলামপন্থার পক্ষে ঐক্য গড়ে তুলতে চেয়েছিলাম। কিন্তু দেখা গেল, জামায়াত ইসলামী নীতি-আদর্শ বাস্তবায়ন করার প্রতিজ্ঞা থেকে সরে আসছে। তখন ইসলামের স্বার্থে আমাদের একক পথচলার সিদ্ধান্ত নিতে হয়েছে। তবে আল্লাহর রহমতে আমরা একা নই। দেশের সর্বস্তরের জনতা ও আলেমরা আমাদের সঙ্গে আছে। 

তিনি বলেন, অনেক প্রার্থী নানারকম উন্নয়নের প্রতিশ্রুতি দেন, কিন্তু কেউ নীতির উন্নয়নের কথা বলেন না। সংসদ সদস্যরা যদি সংসদে সঠিক নীতি প্রণয়ন করেন এবং সেই নীতির বাস্তবায়নে শাসনবিভাগকে জবাবদিহিতায় বাধ্য করেন, তাহলে উন্নয়ন দেশের সব নাগরিকের কাছে এমনিতেই পৌঁছে যাবে। তাই বস্তুগত উন্নয়নের প্রতিশ্রুতি না দিয়ে নীতির উন্নয়নের কথা বলুন। 

চরমোনাই পীর বলেন, বিগত ৫৪ বছরে অনেক উন্নয়নের কথা জাতি শুনেছে, কিন্তু সেসব উন্নয়নের পেছনে ছিল দুর্নীতির মহোৎসব। খুন-গুম ও টাকা পাচার করে দেশকে পিছিয়ে দিয়েছে। তাই দেশের কাঠামোগত উন্নয়ন ও নীতি উন্নয়নের দিকে গুরুত্ব দিতে হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ শুধু নেতা নয়, নীতির পরিবর্তনের জন্য কাজ করে যাচ্ছে। 

জনসভায় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নুরুল করীম আকরাম, ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহসভাপতি হোসাইন আহমদ প্রমুখ।