logo

‘বিএনপির প্রতি মানুষের আগ্রহ বাড়ছে, এ দল কথা দিলে কথা রাখে’

‘বিএনপির প্রতি মানুষের আগ্রহ বাড়ছে, এ দল কথা দিলে কথা রাখে’

ঢাকা-১৭ আসনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে নির্বাচনি বিশাল শোডাউন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে কাকলী স্টেশনের নিকটবর্তী আরব আমিরাত মৈত্রী মার্কেটের সামনে থেকে শুরু হওয়া এই মিছিলটি পরিণত হয় এক বিশাল জনসমাবেশে।

মিছিলে নেতৃত্ব দেন ঢাকা-১৭ নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। তার সঙ্গে ছিলেন যুগ্ম সমন্বয়ক ফরহাদ হালিম ডোনার এবং বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা নাজিমুদ্দিন আলম।

সমাবেশে প্রধান সমন্বয়ক আব্দুস সালাম বলেন, এই দীর্ঘ মিছিল প্রমাণ করে দিয়েছে যে আগামী ১২ তারিখের নির্বাচনে তারেক রহমান বিজয়ী হবেন। দিন যত যাচ্ছে, বিএনপির প্রতি মানুষের আগ্রহ ততই বাড়ছে। বিএনপি এমন একটি দল, যারা কথা দিলে কথা রাখে। তারেক রহমান জনগণকে যে প্রতিশ্রুতি দিয়েছেন, তিনি তা অবশ্যই বাস্তবায়ন করবেন।

তিনি আরও বলেন, দেশব্যাপী নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ প্রতিষ্ঠা করা হবে এবং গুপ্ত রাজনীতি ও প্রতারণায় লিপ্ত গোষ্ঠীর ব্যাপারে ভোটারদের সতর্ক থাকতে হবে। তিনি অভিযোগ করেন, কিছু অসাধু চক্র টাকা দিয়ে ভোট কেনা, বোরকা ব্যবহার করে জাল ভোট প্রদান এবং একাধিক ভোট দেওয়ার চেষ্টা করতে পারে। এসব বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।

প্রায় আধা কিলোমিটার দীর্ঘ এই মিছিলে অংশ নেন গুলশান, বনানী, বারিধারা ও ক্যান্টনমেন্ট এলাকার সর্বস্তরের মানুষ। সাধারণত রাজনীতিতে অনাগ্রহী বলে পরিচিত এসব অভিজাত এলাকার বাসিন্দাদের ব্যাপক উপস্থিতি মিছিলটিকে করে তোলে ব্যতিক্রমী ও তাৎপর্যপূর্ণ।

গুলশান-বনানী এলাকার ১১টি অভিজাত ক্লাব ও সোসাইটির প্রতিনিধিরা এর আগে বনানী ক্লাব মাঠে এক সমাবেশে তারেক রহমানকে নির্বাচনে সক্রিয় থাকার প্রতিশ্রুতি দিয়েছিলেন। আজকের শোডাউনে সেই প্রতিশ্রুতির বাস্তব প্রতিফলন দেখা যায়। মিছিলে অভিজাত শ্রেণির পাশাপাশি দোকানদার, ব্যবসায়ী, ফুটপাতের সাধারণ মানুষ ও কর্মজীবী মানুষদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা গেছে।

মিছিলটি কাকলী থেকে শুরু হয়ে গুলশান-২, গুলশান-১ ডিসিসি মার্কেট, গাউসুল আজম মসজিদ, মহাখালী ওয়ারলেস গেট অতিক্রম করে মহাখালী আমতলী এলাকায় গিয়ে শেষ হয়। পথিমধ্যে মিছিলের সঙ্গে আরও মানুষ যুক্ত হওয়ায় একপর্যায়ে এটি বিশাল জনসমাবেশে রূপ নেয়।

সমাবেশ শেষে মিছিলের কারণে যান চলাচলে সাময়িক বিঘ্ন ঘটায় এলাকাবাসী ও ব্যবসায়ীদের কাছে দুঃখ প্রকাশ করেন নেতারা।