ইসলামি অনুশাসন ছাড়া ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠা সম্ভব নয়

ইসলামি অনুশাসন ছাড়া ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠা সম্ভব নয় বলে জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। তিনি বলেন, জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করতে এবং মানবিক ও ইনসাফপূর্ণ সমাজ গড়তে আমরা অঙ্গীকারাবদ্ধ।
বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর যাত্রাবাড়ী মাতুয়াইল কবরস্থান মসজিদ প্রাঙ্গণে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা-৫ আসন নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে আয়োজিত নির্বাচনি জনসভায় এ কথা জানান তিনি।
মুহাম্মাদ রেজাউল করীম বলেন, নীতি আদর্শের পরিবর্তন ছাড়া কাঙ্ক্ষিত মুক্তি লাভ করা সম্ভব নয়। ঢাকা-৫ আসনের ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী হাজি মো. ইবরাহীম একজন পরীক্ষিত ও নীতিবান নেতা। দুবারের কাউন্সিলর থাকাকালীন তিনি কখনোই নিজেকে দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত করেননি।
এ সময় হাতপাখা মার্কায় ভোট চেয়ে তিনি বলেন, ভালো নেতা ও নীতির মাধ্যমে একটি আদর্শ ডেমরা-যাত্রাবাড়ী গড়তে হাতপাখাকে জয়যুক্ত করুন।
সভাপতির বক্তব্যে মো. ইবরাহীম বলেন, গত ৫৪ বছরে ১২টি নির্বাচনে এই অঞ্চল থেকে বহু জনপ্রতিনিধি নির্বাচিত হলেও ডেমরা, যাত্রাবাড়ী ও কদমতলীর মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি। চাঁদাবাজি, জুলুম, লুটতরাজ, জমিদখল ও দুর্নীতির কারণে এ অঞ্চলের মানুষ আজ নাভিশ্বাস ফেলছে। তাই শুধু ব্যক্তি পরিবর্তন নয়, বরং নীতি ও আদর্শের মৌলিক পরিবর্তনের জন্য হাতপাখায় ভোট দিতে হবে।
তিনি বলেন, নির্বাচিত হলে ডেমরা-যাত্রাবাড়ী অঞ্চলের চাঁদাবাজি চিরতরে দাফন করা হবে। বাড়িঘর নির্মাণে কাউকে চাঁদা দিতে হবে না। সরকারি অফিসে ঘুষ দিতে হবে না। গ্যাস সংকট নিরসনে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। তরুণদের কর্মসংস্থানের জন্য উদ্যোক্তা প্রশিক্ষণ কেন্দ্র ও স্কিল ডেভেলপমেন্ট সেন্টার গড়ে তোলা হবে। নারী ও প্রবীণদের জন্য বিশেষ উন্নয়নমূলক প্রকল্প গ্রহণ করা হবে। অবকাঠামোগত উন্নয়নে শতভাগ গুণগত মান নিশ্চিত করা হবে। প্রশাসনকে দলীয় প্রভাব ও দুর্বৃত্তায়নমুক্ত করে সুশাসন প্রতিষ্ঠা করা হবে।
তিনি আরও বলেন, আমি আপনাদেরই সন্তান। আপনাদের ভালোবাসা ও আস্থায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৬৭ নম্বর ওয়ার্ডে দুবার কাউন্সিলর হয়েছি। দুবারই সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালন করেছি। এবার আপনাদের দোয়া, সমর্থন ও পরামর্শ নিয়ে চাঁদাবাজি, দখলদারি, দুর্নীতিমুক্ত, নিরাপদ, আধুনিক ও মানবিক ঢাকা-৫ গড়ে তুলতে চাই।