logo
Advertisement

বাঁধনের ওপর হামলা ঘৃণ্য অপরাধ: রিজভী

এশিয়া পোস্ট প্রতিবেদক
এশিয়া পোস্ট প্রতিবেদক
বাঁধনের ওপর হামলা ঘৃণ্য অপরাধ: রিজভী
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি: ভিডিও থেকে নেওয়া।

ইতালিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনাকে ‘ঘৃণ্য ও ন্যক্কারজনক অপরাধ’ হিসেবে আখ্যায়িত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

বুধবার (৯ সেপ্টেম্বর) রাজধানীর চন্দ্রিমা উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, যারা নারীদের ওপর আক্রমণ চালায় তারা কাপুরুষ।

বাঁধনের ওপর হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, নারীর নিরাপত্তা নিশ্চিত করতে দল-মত নির্বিশেষে সর্বস্তরের মানুষকে সোচ্চার ও ঐক্যবদ্ধ হতে হবে।

এর আগে ইতালিতে বাঁধনের ওপর হামলার বিষয়টি জাতীয় সংসদেও আলোচনায় আসে। মঙ্গলবার সংসদে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, একজন জুলাই যোদ্ধার ওপর হামলা মানে দেশের গণতান্ত্রিক শাসনব্যবস্থার ওপর হামলা।

তিনি জানান, পরিবারের সদস্যদের সঙ্গে পার্কে হাঁটার সময় বাঁধনের ওপর হামলা করা হয়। এ ঘটনায় তিনি পররাষ্ট্রসচিবের সঙ্গে কথা বলেছেন এবং ইতালির পুলিশ কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করে বাঁধনকে সর্বোচ্চ সহযোগিতা দেওয়ার নির্দেশ দিয়েছেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও জানান, বাঁধন ইতালির পুলিশ ও বাংলাদেশ দূতাবাসে আনুষ্ঠানিক অভিযোগ করবেন। বাংলাদেশ দূতাবাস বিষয়টি ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে জোরালোভাবে তুলে ধরবে।

তিনি বলেন, রোমে বাংলাদেশ দূতাবাস ও মিলানে বাংলাদেশের কনস্যুলেট জেনারেল বাঁধনের সঙ্গে যোগাযোগ রাখছে এবং তাকে প্রয়োজনীয় কনস্যুলার সহায়তা দিচ্ছে।