৫ আগস্টের বিষয়ে অনেক কিছু চেপে গিয়েছেন রাষ্ট্রপতি: জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, ৫ আগস্টের (২০২৪ সালের) বিষয়ে রাষ্ট্রপতি অনেক কিছুই চেপে গিয়েছেন।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।
পোস্টে ডা. শফিকুর রহমান লিখেছেন, ৫ আগস্ট ২০২৪ বিষয়ে রাষ্ট্রপতি অনেক কিছুই চেপে গিয়েছেন। কথিত পলাতক প্রধানমন্ত্রীর পদত্যাগের বিষয়ে উনি উপস্থিত নেতাদের যা বলেছিলেন এবং পরবর্তীতে জাতিকে যা জানিয়েছিলেন তার বর্তমান বক্তব্যে তিনি তা স্বীকার করেননি। আর এখন যা বলছেন সেদিন তার কিছুই তিনি বলেননি।
তিনি লেখেন, কোটি কোটি মানুষ যা শুনল এবং সেদিন তিনি যা বললেন, আর এখন যা বলছেন—তার হিসেব রাষ্ট্রপতি মিলিয়ে দেবেন কি?
সবশেষ পোস্টে শফিকুর রহমান বলেন, জাতি অবুঝ নয়। রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা থেকে এ রকম আচরণ অগ্রহণযোগ্য।