logo

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমিরসহ কয়েকজন সিনিয়র নেতার এক্স (টুইটার) অ্যাকাউন্ট হ্যাক হওয়ার বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে দলটি। 

রোববার (১ ফেব্রুয়ারি) সকাল ১০টায় জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

বিষয়টি নিশ্চিত করে জামায়াতের কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এবং সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের জানান, সম্মেলনে কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন।

এর আগে, জামায়াত আমিরের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেল হ্যাক করে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে দলটির পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয়।

শনিবার রাতে দেওয়া বিবৃতিতে বলা হয়, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলসহ দলের কয়েকজন সিনিয়র নেতাদের সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে সাইবার হামলার ঘটনা ঘটেছে।

অত্যন্ত সমন্বিত পদ্ধতি ব্যবহার করে হামলাকারীরা সাময়িকভাবে জামায়াত আমিরের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নেয়। পরে অল্প সময়ের মধ্যেই আমাদের সাইবার টিম সেটি ফেরত আনে। তবে এই স্বল্প সময়ের মধ্যে একটি অনাকাঙ্ক্ষিত পোস্ট প্রকাশ হয়, যেখানে জামায়াত আমিরের নামে মিথ্যা বক্তব্য প্রচার করা হয়েছে। আমরা স্পষ্টভাবে জানাচ্ছি, উক্ত পোস্ট/কনটেন্ট জামায়াত আমিরের কোনো বক্তব্য, মতামত বা অবস্থানকে প্রতিফলিত করে না। এটি সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর।

আমরা সাধারণ জনগণ, গণমাধ্যমকর্মী এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের অনুরোধ করছি, ভুয়া খবর, জাল উদ্ধৃতি এবং বিভ্রান্তিকর তথ্যের বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকুন। মিথ্যা তথ্য ছড়ানো, পরিচয় জালিয়াতি করা এবং বিকৃত কনটেন্ট তৈরি ও প্রচার করা আইনগতভাবে দণ্ডনীয় এবং নৈতিকভাবে নিন্দনীয়। এগুলো গণতান্ত্রিক পরিবেশকে ক্ষতিগ্রস্ত করে।

সবার প্রতি অনুরোধ, শুধু অফিসিয়াল ও বিশ্বস্ত সূত্র থেকে তথ্য যাচাই করুন- যাচাই ছাড়া কোনও কনটেন্ট শেয়ার করবেন না এবং সন্দেহজনক বা বিভ্রান্তিকর কনটেন্ট দেখলে তা রিপোর্ট করুন।