logo

ইসলামপন্থিদের মধ্যে আত্মঘাতী প্রবণতা মাথাচাড়া দিয়ে উঠছে: মামুনুল হক

ইসলামপন্থিদের মধ্যে আত্মঘাতী প্রবণতা মাথাচাড়া দিয়ে উঠছে: মামুনুল হক
বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে আয়োজিত এক মিটআপ অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন মামুনুল হক। শুক্রবার মালয়েশিয়ার আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয়ে। ছবি: মিডিয়া সেল

ইসলামপন্থিদের মধ্যে কলহ, দ্বন্দ্ব, বিবাদ ও আত্মঘাতী প্রবণতা মাথাচাড়া দিয়ে উঠতে শুরু করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক।

শুক্রবার (২৩ অক্টোবর) মালয়েশিয়ার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয়ে (আইআইইউএম) বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে আয়োজিত এক মিটআপ অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

বাংলাদিশ শিক্ষার্থীদের উদ্দেশে মামুনুল হক বলেন, ইসলামপন্থিদের মধ্যে যে সংকট রয়েছে, এর সমাধান শুধু সহজ কিছু কথা বলা, তাৎক্ষণিক জবাব দেওয়া কিংবা কারও ওপর দায় চাপিয়ে দেওয়ার মাধ্যমে সম্ভব নয়। এ জন্য সংকটের গভীরে প্রবেশ করে এর কারণগুলো উপলব্ধি করা এবং কার্যকর উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন।

বাংলাদেশের ইসলামপন্থি রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভিন্ন বিষয়ে মতপার্থক্য ও বিরোধ রয়েছে জানিয়ে তিনি বলেন, মতপার্থক্যের ক্ষেত্রে ‘মতভিন্নতার সঙ্গে ঐক্য’- এই বহুল প্রচলিত নীতির চর্চার পাশাপাশি গুরুতর বিরোধের জায়গাগুলো চিহ্নিত করে সেগুলো নিরসনের উদ্যোগ নেওয়া জরুরি। ইসলামপন্থিদের বিপুল সম্ভাবনাকে কাজে লাগাতে হলে এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

তার মতে, বাংলাদেশের মানুষের মধ্যে ইসলামের প্রতি ভালোবাসা এবং ইসলামি চেতনার যে জাগরণ সৃষ্টি হয়েছে, তার পেছনে রয়েছে দীর্ঘ প্রায় অর্ধশতাব্দীর প্রচেষ্টা। এই সম্ভাবনাকে যথাযথভাবে কাজে লাগাতে ইসলামপন্থিদের পারস্পরিক বিরোধ ও বিভেদ নিয়ে গভীরভাবে চিন্তা করতে হবে এবং ঐক্যবদ্ধ প্রচেষ্টার পথ তৈরি করতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সংসদ সদস্য মাওলানা মোহাম্মদুল্লাহ এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মোহাম্মদ ফয়সাল প্রমুখ।